ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান বিশ্বব্যবস্থায় দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তা- এ তিনটি বিষয়কে জাতিসংঘের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
শনিবার সন্ধ্যায় জাতিসংঘ দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "মানুষ সামাজিক জীব। মানুষ চায় শান্তিতে বসবাস করতে। আর এটি নিশ্চিত করতে হলে দারিদ্র্য বিমোচনের পাশপাশি জলবায়ু পরিবর্তনের ক্ষতি এবং খাদ্য নিরাপত্তার বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দিতে হবে।"
বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বড়ো ধরনের প্রভাব পড়ছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, "জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যাসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছে। এর ফলে খাদ্য উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে দারিদ্র্য বিমোচন।"
এ কারণেই জাতিসংঘকে এখন এই তিনটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।
রাজধানীর রাজমনি ঈশা খাঁ হোটেলে ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউএনএবি) এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিচারপতি কাজী এবাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক রাষ্ট্রদূত আফসারুল কাদের। এতে বক্তব্য রাখেন ইউএনএবি'র মহাসচিব সৈয়দ মোহাম্মদ সাহেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএইচ/২২৩০ ঘ.
bdnews24