ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--অবৈধভাবে আনা মোবাইল ফোন সেটের কারণে বাংলাদেশ সরকার গত অর্থ বছরে দুইশ' ২৫ কোটি টাকা রাজস্ব হারিয়েছে।
বুধবার 'দক্ষিণ এশিয়া মোবাইল সম্মেলন ২০০৯' এ 'এশিয়ার সম্ভাবনা ও চ্যালেঞ্জ' শীর্ষক সেমিনারে প্রবন্ধ উপস্থাপনকালে নকিয়া ইমার্জিং এশিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রেম চাঁদ এ তথ্য জানান।
তিনি বলেন, "উচ্চ কর হারের কারণে বাংলাদেশে অবৈধ পথে মোবাইল ফোন ও অন্যান্য সরঞ্জাম আসার হার বাড়ছে। এ কারণে সরকার গত অর্থবছরে ২২৫ কোটি টাকা রাজস্ব হারিয়েছে।"
সেমিনারের পরে প্রেম চাঁদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নকিয়ার নিজস্ব ব্যবস্থাপনায় সংগৃহীত তথ্যমালা থেকে এ উপাত্ত পাওয়া গেছে।
রাজধানীর হোটেল র্যাডিসনে দুই দিনের সম্মেলনের প্রথম দিনে বুধবার নতুনতর মোবাইল প্রযুক্তি, এ খাতে দক্ষিণ এশিয়ার সমস্যা ও সম্ভাবনা, মোবাইল ব্রডব্যান্ড সার্ভিস ও নেটওয়ার্কিংসহ বিভিন্ন বিষয়ে সেমিনার হয়। বৃহস্পতিবার এ সম্মেলন শেষ হবে।
সকালে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেন, "সরকার দেশের মোবাইল ফোন অপারেটরদের লাইসেন্স নবায়নের বিষয়টি স্বচ্ছ ও পদ্ধতিগতভাবে করবে। একবার অনুমোদন দেওয়া হলে লাইসেন্সের শর্ত অপরিবর্তিত থাকবে।"
মোবাইল ফোন অপারেটরদের গুণগত মান আরও বাড়ানো এবং গ্রাহক সেবা নিশ্চিত করার পাশাপাশি ফোন কলের মূল্য কমানোর আহবানও জানান তিনি।
হাসানুল হক ইনু বলেন, "সরকার আগামী মার্চের মধ্যে থ্রি-জি'র অনুমতি দেওয়ার জন্য কাজ করছে।"
কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সামাজিক দায়িত্বের অংশ হিসেবে দেশের ৮০ হাজার প্রাথমিক বিদ্যালয় এবং সাড়ে ১৮ হাজার মাধ্যমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ ও প্রশিক্ষণ দিতে এগিয়ে আসার আহবান জানান তিনি।
ইনু বলেন, "মোবাইল ফোন কোম্পানিগুলো এগিয়ে এলে সরকারও তাদের সমস্যার বিষয়গুলো খতিয়ে দেখবে। সব মোবাইল অপারেটর যৌথভাবে কাজ করলে আরও অনেক সামাজিক দায়িত্ব পালন করা সম্ভব।"
সভায় বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)'র চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জিয়া আহমেদ বলেন, "দেশে ইন্টারন্যাশনাল গেটওয়ে লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ জন্য ইন্টারন্যাশনাল লং ডিসটেন্স টেলিকমিউনিকেশন স্ট্র্যটেজি (আইএলডিটিএস) নীতিমালা করা হচ্ছে। শিগগির তা চূড়ান্ত করার জন্য মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। এ নীতিমালা তৈরি হলে বেসরকারি প্রতিষ্ঠানকে গেটওয়ে ব্যবহারের অনুমোদন দেওয়া হবে।"
তিনি জানান, বিটিআরসি দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সঙ্গে যুক্ত হওয়ার জন্যও চেষ্টা চালাচ্ছে। এ ছাড়া একটি সাধারণ নেটওয়ার্কের আওতায় আনার জন্য দক্ষিণ এশিয়ায় টেরিস্টেরিয়াল নেটওয়ার্ক তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
দক্ষিণ এশিয়া মোবাইল ফোরামের (এসএএমএফ) চেয়ারম্যান মেহবুব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জিএসএম এসোসিয়েশনের পরিচালক (স্পেকটাম পলিসি) ক্রিস্টিনা ডি হগ।
সভাপতির বক্তব্যে মেহবুব চৌধুরী সকল অপারেটরদের জন্য স্বচ্ছ 'লেভেল প্লেয়িং গ্রাউন্ড' তৈরির ওপর গুরুত্বারোপ করেন। এ অঞ্চলের সম্ভাবনাময় বাজার ধরে রাখতে এবং অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতেও তিনি এ অঞ্চলের অপারেটর এবং রেগুলেটরি বডির মধ্যে আস্থাহীনতা দূর করার আহবান জানান।
সম্মেলনের সেমিনারে বক্তারা বাংলাদেশসহ এ অঞ্চলের রেগুলেটরি নীতিমালা সময়োপযোগী করার আহবান জানান।
তারা এ অঞ্চলের সম্ভাবনাময় বাজার বাড়াতে উচ্চক্ষমতাসম্পন্ন নতুনতর প্রযুক্তির ব্যবহার, ইন্টারনেট সার্ভিস প্রদান, অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্বারোপ করেন। দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের জন্য মোবাইল ইন্টারনেট বিশেষ ভূমিকা পালন করতে পারে বলেও তারা মত দেন।
মোবাইল ফোন সবচেয়ে বেশি ব্যবহৃত প্রযুক্তি উল্লেখ করে আন্তজার্তিক টেলিকমিউনিকেসন্স ইউনিয়নের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জ্যেষ্ঠ পরামর্শক সামের শর্মা বলেন, "সারা বিশ্বের মোবাইল গ্রাহকদের মধ্যে ৪২ শতাংশ এ অঞ্চলের। তবুও বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় এ অঞ্চল প্রযুক্তিতে অনেক পিছিয়ে রয়েছে। তিনি গ্রাহকদের উন্নত সেবা দিতে নতুন প্রযুক্তি গ্রহণের জন্য অপারেটরদের আরও মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
এসএএমএফ'র উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে জিএসএম অ্যাসোসিয়েশন, ব্রডব্যান্ড ফোরাম, এলআইআরএই, হুয়াউই, আইটিইউ, সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া, নেপাল টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ, পাকিস্তান টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ এবং অন্যান্য মোবাইল অপারেটরসমূহের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এফএফ/এসএইচ/২১৪২ ঘ.
bdnews24