২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনের আইপিও: রেকর্ড ১০ লাখের বেশি আবেদন

ধারণার তিনগুণের বেশি প্রাথমিক শেয়ারের (আইপিও) আবেদন জমার মধ্য দিয়ে রোববার শেষ হল গ্রামীণফোনের আইপিও কার্যক্রম। স্থানীয় বিনিয়োগকারীদের জন্য ৮ অক্টোবর এ প্রক্রিয়া শেষ হলেও প্রবাসী বাংলাদেশীদের জন্য এটি ছিল ১৮ অক্টোবর পর্যন্ত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2009, 05:33 PM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধারণার তিনগুণের বেশি প্রাথমিক শেয়ারের (আইপিও) আবেদন জমার মধ্য দিয়ে রোববার শেষ হল গ্রামীণফোনের আইপিও কার্যক্রম। স্থানীয় বিনিয়োগকারীদের জন্য ৮ অক্টোবর এ প্রক্রিয়া শেষ হলেও প্রবাসী বাংলাদেশীদের জন্য এটি ছিল ১৮ অক্টোবর পর্যন্ত। গত ৪ অক্টোবর দেশের পুঁজিবাজারে সর্ববৃহৎ ৪৮০ কোটি টাকার আইপিও সাবস্ক্রিপশন প্রক্রিয়া শুরু হয়। দেশের বৃহত্তম এ মোবাইল কোম্পানির দীর্ঘ প্রতীক্ষিত সাবস্ক্রিপশন শুরুর প্রথম দিন থেকে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়। আগে কখনই শেয়ার ব্যবসা করেননি এমন অনেকেও প্রাথমিক শেয়ারের জন্য আবেদন করেন। দীর্ঘ প্রতীক্ষিত এই আইপিওর জন্য আবেদন করেছে ১০ লাখেরও বেশি বিনিয়োগকারী, যার অর্থমূল্য ১৭ দশমিক ২৫ বিলিয়ন টাকা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে বলা হয়েছে, শুধুমাত্র স্থানীয় বিনিয়োগকারীরাই ১ দশমিক ০৮ মিলিয়ন আবেদন করেছেন, যার অর্থমূল্য ১৬ দশমিক ৫৭ বিলিয়ন টাকা। সিএসই এর একজন কর্মকর্তা বলেন, অনাবাসী বাংলাদেশীরা ৬৭০ দশমিক ৯৮৭ মিলিয়ন টাকার সাবস্ক্রিপশন জমা দিয়েছেন। সিএসই'র কর্পোরেট ডেভেলপমেন্ট শাখার ব্যবস্থাপক একেএম শাহরোজ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এসব তথ্য জানিয়ে আমাদের চিঠি পাঠিয়েছে।" গ্রামীণফোন কর্তৃপক্ষও এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, কোম্পানি এসইসি-তে প্রাথমিক রিপোর্ট পাঠিয়েছে, যেখানে এসব তথ্য তুলে ধরা হয়েছে। বাজারে শেয়ার ছেড়ে জনসাধারণের কাছ থেকে মূলধন সংগ্রহের ব্যাপারে গত ২০ আগস্ট পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চূড়ান্ত অনুমোদন পায় গ্রামীণফোন। গ্রামীণফোন সাধারণ বিনিয়োগকারীদের জন্য আইপিও'র মাধ্যমে প্রায় ৪৮৬ কোটি ৭ লাখ টাকার সমমূল্যের ৬ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার ৪শ' শেয়ার ছাড়ছে। এর প্রতিটি লটে থাকছে ২০০টি শেয়ার। ১০ টাকার অভিহিত মূল্যের (ফেস ভ্যালু) সঙ্গে ৬০ টাকার প্রিমিয়াম যোগ করে সাধারণ বিনিয়োগকারীদের জন্য প্রতিটি শেয়ারের দাম ধরা হয়েছে ৭০ টাকা। এ হিসাবে কোম্পানিটির এক লট শেয়ারের মূল্য ১৪ হাজার টাকা। গত ডিসেম্বরে ৪৮৬ দশমিক ৭ কোটি টাকার প্রাক-আইপিও (প্রাইভেট প্লেসমেন্ট) সম্পন্ন করে গ্রামীণফোন। নরওয়ের কোম্পানি টেলিনর গ্রামীণ ফোনের ৬২ শতাংশ এবং বাংলাদেশী কোম্পানি গ্রামীণ টেলিকম ৩৮ শতাংশ শেয়ারের মালিক। ১৯৯৬ সালে কার্যক্রম শুরুর পর ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ছিল ২ কোটি ১০ লাখ। দেশের মোবাইল ফোন ব্যবহারকারীদের ৪৭ শতাংশই গ্রামীণফোনের গ্রাহক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এএনএস/এইচএ/২৩২৯ঘ.