চট্টগ্রাম, অক্টোবর ১৮(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী চার মাসের মধ্যে দেশের সকল রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকাকে (ইপিজেড) অটোমেশনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ খান।
রোববার সকালে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (সিইপিজেড) অটোমেশন প্রক্রিয়া শুরুর আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন।
অন-লাইনে আমদানি-রপ্তানি কাযক্রম পরিচালনাই অটোমেশন।
জামিল আহমেদ খান জানান, বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় দেশের সব ইপিজেডকে অটোমেশন প্রক্রিয়ার আওতায় আনার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
তিনি সিইপিজেড এ অবস্থিত 'ক্যানপার্ক' নামের একটি বিদেশি কোম্পানির রপ্তানি অনুমতিপত্র অনলাইনের মাধ্যমে ইস্যু করার মধ্য দিয়ে এ প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বন্দরনগরীর দক্ষিণ হালিশহর এলাকায় অবস্থিত সিইপিজেডে এ প্রক্রিয়া চালু করতে ২১ কোটি টাকা ব্যয় হয়েছে। ডিএনএস সফটওয়্যার লিমিটেড এ প্রক্রিয়ার কারিগরী সহায়তা দিচ্ছে। সিইপিজেডে প্রথমবারের মতো অটোমেশন প্রক্রিয়া চালুর আগে গত বছরের ডিসেম্বর থেকে চট্টগ্রাম শুল্ক ভবনের আমদানি-রপ্তানি কার্যক্রম অটোমেশন কার্যক্রমের আওতায় আনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বেপজা চেয়ারম্যান আরও জানান, এ প্রক্রিয়া চালুর ফলে কম সময়ে আমদানি-রপ্তানিসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন হবে এবং কাজে স্বচ্ছতা আসবে। এ ছাড়া বিভিন্ন ধরনের অনুমতিপত্র পেতে জটিলতার অবসান ঘটবে। পাশাপাশি বিদেশি বিনিয়োগকারীরাও বেশি বিনিয়োগে উৎসাহী হবেন।
অনাড়ম্বর এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম শুল্ক কমিশনার (আমদানি) গোলাম কিবরিয়া, সিইপিজেডের মহাব্যবস্থাপক আতাউল হক, যুগ্ম কমিশনার মোয়াজ্জেম হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএস/এমসি/আরএআর/এসএইচ/২১৩২ ঘ.
bdnews24