২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তন বাংলাদেশে দারিদ্র্য বিমোচনে প্রধান অন্তরায়:অর্থমন্ত্রী

বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বাংলাদেশে দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে প্রধান অন্তরায় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সেইসঙ্গে ক্ষুদ্র ঋণ দারিদ্র্য বিমোচনে প্রধান হাতিয়ার নয় বলেও মনে করেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2009, 11:48 AM

Updated : 26 Aug 2022, 12:13 PM

ঢাকা, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৈশ্বিক জলবায়ু পরিবর্তন বাংলাদেশে দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে প্রধান অন্তরায় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সেইসঙ্গে ক্ষুদ্র ঋণ দারিদ্র্য বিমোচনে প্রধান হাতিয়ার নয় বলেও মনে করেন তিনি। রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অতিদারিদ্র্য বিমোচন দিবসের দ্বিতীয় দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মুহিত এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ১৯৬০ সাল থেকে '৯০ সাল পর্যন্ত দেশে দারিদ্র্য বিমোচনের একটা মাত্রা ছিল। কিন্তু বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঘুর্ণিঝড়, বন্যাসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণে এই দারিদ্য বিমোচন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।" "বৈশ্বিক জলবায়ু পরিবর্তন আমাদের দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে" বলেন মুহিত। ক্ষুদ্র ঋণ দারিদ্র্য বিমোচনে প্রধান হাতিয়ার নয় মন্তব্য করে মুহিত বলেন, ক্ষুদ্র ঋণ একেবারে প্রান্তিক চাষীদের কাছে পৌঁছায় না। এ কারণে এটাকে দেশের উন্নয়ন বা দারিদ্য বিমোচনে মূল ধারায় অবদান রাখছে বা রাখবে-এটা ভাবা যাবে না। ক্ষুদ্র ঋণ আমাদের দারিদ্র্য বিমোচনে সহায়ক হিসেবে কাজ করতে পারে।" মুহিত বলেন, আত্মকর্মসংস্থান, ক্ষুদ্র ঋণ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) দেশের অর্থনীতিতে বিশষ অবদান রাখে ঠিকই। কিন্তুশিল্পায়নের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান ছাড়া দারিদ্র্য দূর করা সম্ভব নয়। পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, "আমাদের দেশের সাত কোটি মানুষ কর্মক্ষম। কিন্তু এই সাত কোটির মধ্যে সাড়ে তিন কোটি কর্মহীন। এসব কর্মহীন মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারলে দারিদ্র্য অনেক কমে যাবে। "আর এসব কর্মহীন মানুষকে কর্মক্ষম করতে হলে দরকার ব্যাপক বিনিয়োগ। বিশ্বমন্দা ও আস্থার অভাবের কারণে দেশে বিনিয়োগ কমে গেছে। ২০১০ সালের প্রথম দিকেই বিনিয়োগ বাড়বে বলে আমরা (সরকার) আশা করছি।" বিনিয়োগ বাড়াতে সরকারের নানা ধরনের উদ্যোগের কথাও জানান তিনি। এ প্রসঙ্গে পরিসংখ্যান দিয়ে মুহিত জানান, ১৯৫৬ সালে দেশে দারিদ্র্যের হার ছিল ৫৬ শতাংশ। যুদ্ধের কারণে (১৯৭১ এর মুক্তিযুদ্ধ) ১৯৭৪ সালে এ হার বেড়ে দাঁড়ায় ৮৪ শতাংশ। ১৯৯১ সালে তা কমে আবার ৫৬ শতাংশে নেমে আসে। বর্তমানে এ হার ৪০ শতাংশে নেমে এসেছে। এর মধ্যে চরম দারিদ্র্য সীমার নীচে বাস করছে ২০ শতাংশ মানুষ। অর্থমন্ত্রী বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি প্রবৃদ্ধি) দারিদ্র্য বিমোচনে বিশেষ অবদান রাখে। কিন্তু দীর্ঘ সময় অগণতান্ত্রিক সরকার দেশ শাসন করায় প্রবৃদ্ধি অর্জন অনেক কম হয়েছে। এ কারণে দীর্ঘ সময় দেশে দারিদ্র্য বিমোচন কাঙ্খিত হারে হয়নি। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ১৯৭৫ থেকে ১৯৯১ সাল পর্যন্ত দেশে অগণতান্ত্রিক সরকার থাকায় জিডিপি প্রবৃদ্ধি ৪ শতাংশেরও কম হয়েছে। ১৯৯১ সালে দেশে গণতান্ত্রিক সরকার আসায় শুরুতেই এই জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশে উঠে। পরে তা ৬ শতাংশের উপরে উঠেছে। "এখন আমরা এই প্রবৃদ্ধি ৭ থেকে ৮ শতাংশের চিন্তা-ভাবনা করছি" বলেন মুহিত। সাংসদ সাবের হেসেন চৌধরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডিএফআইডি বাংলাদেশ এর ভারপ্রাাপ্ত প্রধান জিম ম্যাকলপাইন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এইচএ/১৭৩৫ ঘ.