২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুক্তি বাতিল: ২৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি এছাক ব্রাদার্সের

চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার চুক্তি বাতিলের কারণে বন্দর কর্তৃপক্ষের কাছে ২৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে এছাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2009, 04:08 PM

Updated : 26 Aug 2022, 12:11 PM

চট্টগ্রাম, অক্টোবর ১২(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম কন্টেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার চুক্তি বাতিলের কারণে বন্দর কর্তৃপক্ষের কাছে ২৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছে এছাক ব্রাদার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আগামী ১৫ দিনের মধ্যে ক্ষতিপূরণের টাকা পরিশোধ না করলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) বিরুদ্ধে মামলা করা হবে বলেও হুমকি দিয়েছে প্রতিষ্ঠানটি। রোববার ঠিকাদারী প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাজী মোহাম্মদ ইউনূস ক্ষতিপূরণ দাবি করে বন্দর কর্তৃপক্ষকে এ চিঠি দেয়। এতে সিসিটি পরিচালনায় নিয়োগ করা জনবল ও যন্ত্রপাতির ব্যয়, প্রাতিষ্ঠানিক সুনাম বিনষ্ট ও ব্যবসায়িক ক্ষতির জন্য ওই ক্ষতিপূরণ দাবি করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে ক্ষতিপূরণের অর্থ পরিশোধ করা না হলে এছাক ব্রাদার্স চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়েরে বাধ্য হবে বলেও এতে উল্লেখ করা হয়। প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ অস্বীকার করে চিঠিতে বলা হয়, সিসিটি'র দরপত্রে কোনোরকম অনিয়ম বা প্রভাব খাটানোর চেষ্টা হয়নি। এছাড়া এছাক ব্রাদার্স দীর্ঘদিন থেকে একটি বেসরকারি কন্টেইনার ডিপো (আইসিডি) আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে দক্ষতার সঙ্গে পরিচালনা করে আসছে। ২০০৮ সালে এ ডিপোতে প্রায় দুই লাখ কন্টেইনার হ্যান্ডলিং করা হয়। এক্ষেত্রে তাদের বিরুদ্ধে 'অদক্ষতার অভিযোগ' অবান্তর ও ভিত্তিহীন। চুক্তি স্বাক্ষরের আট মাস পর মন্ত্রণালয়ের নির্দেশে বৃহস্পতিবার চবক সিসিটি পরিচালনার চুক্তিটি বাতিল করে। চলতি বছরের ২ ফেব্র"য়ারি সিসিটিতে সমন্বিত কন্টেইনার হ্যান্ডলিংয়ের জন্য চবক সর্বনিম্ন দরদাতা হিসেবে এ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে। সিসিটিতে সমন্বিত কন্টেইনার হ্যান্ডলিংয়ের জন্য এছাক ব্রাদার্স প্রতি কন্টেইনারে ৩৪০ টাকা দর দেয়। বর্তমানে বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ার টেক ৫০৫ টাকা দরে সিসিটিতে কন্টেইনার হ্যান্ডলিং করছে। তত্ত্বাবধায়ক সরকারের শেষ সময়ে এ চুক্তি স্বাক্ষরের বিষয়ে অনিয়মের অভিযোগ তুলে নৌ-পরিবহন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। দুর্নীতি দমন কমিশন (দুদক) তৎকালীন নৌ-পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এম এ মতিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বর্তমানে তদন্ত করছে। গত ২৯ সেপ্টেম্বর দুদকের তিনজন কর্মকর্তা চট্টগ্রাম এসে বন্দর ভবনে সাবেক উপদেষ্টা এম এ মতিন ও বন্দর চেয়ারম্যান কমডোর আর ইউ আহমেদসহ সংশ্লিষ্ট ৩০ জনকে জিজ্ঞাসাবাদ করে। এ পরিস্থিতিতে গত ৮ অক্টোবর নৌ-পরিবহন মন্ত্রণালয়ের নির্দেশে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এছাক ব্রাদার্সের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির কার্যকারিতা বাতিল করে দেয়। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এফআই/আরএআর/এএল/এসএইচ/২০১৪ ঘ.