ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমনওয়েলথ অর্থমন্ত্রীদের সম্মেলন ও বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভায় বাংলাদেশের পক্ষ থেকে একটি শক্তিশালী 'বিশ্ব অর্থনৈতিক নিয়ন্ত্রক সংস্থা' গঠনের দাবি জানানো হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
প্রতিবেশী ভারতসহ উন্নত দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা এতে সমর্থন দিয়েছে বলেও জানিয়েছেন তিনি।
সাইপ্রাসে কমনওয়েলথ অর্থমন্ত্রীদের সম্মেলন, তুরস্কে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভা এবং গ্রীসে প্রবাসী বাংলাদেশীদের এক অনুষ্ঠানে যোগদান শেষে দেশে ফিরে রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, "বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে বিশ্বব্যাংক, আইএমএফ ও এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) বিভিন্ন উন্নয়ন সংস্থা কাজ করছে। কিন্তু কোনও নিয়ন্ত্রক সংস্থা বা রেগুলেটরি বডি নেই। কোনও দেশ অর্থনৈতিক বা ব্যাংকিং ক্ষেত্রে আন্তর্জাতিক নিয়ম-কানুন বা বিধি-বিধান মেনে চলছে কিনা- তা দেখার জন্য কোনও আন্তর্জাতিক রেগুলেটরি বডি নেই।
"আমি মনে করি, এ ধরনের একটি শক্তিশালী সংস্থা থাকা খুবই প্রয়োজন। এ কারণেই আমি কমনওয়েলথ অর্থমন্ত্রীদের সম্মেলন ও বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভায় এই নিয়ন্ত্রক সংস্থা গঠনের দাবি জানিয়েছি।"
"ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি এবং অষ্ট্রেলিয়ার অর্থমন্ত্রীসহ উন্নত দেশের প্রতিনিধিরা আমার এ দাবির প্রতি সমর্থন জানিয়েছেন," বলেন অর্থমন্ত্রী।
নিয়ন্ত্রক সংস্থাটির প্রয়োজনের প্রসঙ্গে উদাহরণ দিয়ে তিনি বলেন, "উচ্চমূল্যে আমরা জ্বালানি তেল কিনছি। এ বিষয়টি দেখার জন্য একটি রেগুলেটরি বডি প্রয়োজন।"
মুহিত বলেন, "বাংলাদেশ বিশ্ব অর্থনীতির চলমান মন্দা বেশ ভালোভাবে মোকাবেলা করায় কমনওয়েলথভুক্ত দেশগুলোর অর্থমন্ত্রী, বিশ্বব্যাংক-আইএমএফের শীর্ষ কর্মকর্তা ও বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা ভূয়সী প্রশংসা করেছেন। সবাই এক বাক্যে বলেছেন, গত দুই বছরেরও বেশি সময় বিশ্ব অর্থনীতিতে যে সঙ্কট চলছে, তার মধ্যেও বাংলাদেশ অসম্ভবকে সম্ভব করেছে।"
অর্থমন্ত্রী জানান, মন্দার প্রভাব মোকাবেলা ও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ক্ষতি পুষিয়ে নিতে বিশ্বব্যাংক বাংলাদেশকে বাড়তি সহায়তা দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে। এ ছাড়া নানা শর্তের কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকল্পে বিশ্বব্যাংকের দেওয়া অব্যবহৃত ১৭০ কোটি ডলার ঋণ-সহায়তা ইচ্ছেমতো খরচেরও অনুমতি দিয়েছে সংস্থাটি।
সাইপ্রাসের লিমাসলে ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর হয় কমনওয়েলথ অর্থমন্ত্রীদের সম্মেলন। ৬ ও ৭ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে হয় বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভা। এ দুটি বৈঠকে যোগ দিতে গত ২৮ সেপ্টেম্বর রাতে অর্থমন্ত্রী ঢাকা ছাড়েন।
১২ দিনের এ সফরে মুহিত বাংলাদেশের ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
প্রতিনিধি দলের সদস্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান সাংবাদিকদের বলেন, "বিশ্বমন্দার মধ্যে সব দেশেই রেমিটেন্স কমছে। বাড়ছে শুধু বাংলাদেশের। এ বিষয়টি দুই সম্মেলনে অংশগ্রহনকারী সবাইকে অবাক করেছে।
"কীভাবে এটা সম্ভব হয়েছে- তা তারা জানতে চেয়েছে। আমি তাদের বলেছি, আমরা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আসার জন্য বিভিন্ন দেশে একটার পর একটা এক্সচেঞ্জ হাউজ খুলেছি। আর আমাদের শ্রমিকরা অতিকষ্টে জীবন-যাপন করে বেশি বেশি অর্থ দেশে পাঠিয়েছেন।"
প্রতিনিধি দলের আরেক সদস্য অর্থ সচিব মোহাম্মদ তারেক বলেন, "আমি মনে করি, এ দু'টি গুরুত্বপূর্ণ সম্মেলনে বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ করা হয়েছে। বাংলাদেশ যে বেশ ভালোভাবে বিশ্বমন্দা মোকাবেলা করেছে, তা আমরা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে সক্ষম হয়েছি।
"এতে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। বিশ্বব্যাংক-আইএমএফের ঋণ-সহায়তা পাওয়ার ক্ষেত্রে এটি ইতিবাচক ভূমিকা রাখবে।"
সম্মেলন দুটি চলাকালে বিভিন্ন দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধি দলের দ্বি-পাক্ষিক বৈঠক হয় বলে জানান অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া।
আগে এ ধরনের সম্মেলন বা বৈঠকে বাংলাদেশকে তেমন গুরুত্ব দেওয়া হতো না মন্তব্য করে তিনি বলেন, "কিন্তু এবার সব দেশের প্রতিনিধিরা বাংলাদেশকে গুরুত্ব দিয়েছে। আমাদের বক্তব্য মনোযোগের সঙ্গে শুনেছেন এবং দাবির প্রতি সমর্থন জানিয়েছেন।"
প্রতিনিধি দলের সদস্য প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান ছাড়া শুক্রবার অন্য সব সদস্য দেশে ফিরেছেন।
প্রতিবছর বিশ্বব্যাংক ও আইএমএফ বার্ষিক সভার মাধ্যমে সংস্থার সদস্য দেশগুলোর অর্থমন্ত্রী, উন্নয়ন বিষয়কমন্ত্রী, বেসরকারি খাতের প্রতিনিধি এবং বিশেষজ্ঞদের একসঙ্গে নিয়ে বৈঠক করে। এতে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এজে/এসএইচ/২১৫৭ ঘ.
bdnews24