ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যান্ত্রিক ত্র"টির কারণে আশুগঞ্জের জিয়া সার কারখানা গত মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে।
কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ইউরিয়া সার কারখানাটির নিজস্ব বিদ্যুৎ কেন্দ্রের অল্টারনেটরে বিস্ফোরণ ঘটায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় কারখানার মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) রুহুল আমিনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।
কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণে অল্টারনেটর-২ এর দুটি কয়েল পুড়ে গেছে। অপর অল্টারনেটরটিও বর্তমানে অচল। বিকল হয়ে যাওয়া অল্টানেটরটির কয়েল মেরামত অথবা নতুন অল্টারনেটর লাগাতে সময় লাগবে। ফলে কবে নাগাদ উৎপাদন শুরু করা যাবে সেটা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না।
এ অবস্থায় বাইরে থেকে বিদ্যুৎ এনে উৎপাদন আবার স্বাভাবিক করার ব্যাপারে কারখানা কর্তৃপক্ষ বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) কাছে প্রস্তাব পাঠিয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তদন্ত দলের প্রধান রুহুল আমিন।
তিনি জানান, ৪ অক্টোবর দুপুর ১২টায় কারখানার বেব্কক বয়লারের ম্যানুয়েল লাইনে লিকেজ হয়ে হঠাৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। স্থানীয় প্রকৌশলীদের মাধ্যমে লিকেজ মেরামত শেষে কারখানার চালু করার পর গত মঙ্গলবার (৬ অক্টোবর) রাত আড়াইটার দিকে বিকট শব্দে বিদ্যুৎ কেন্দ্রের অল্টানেরটর-২ বিস্ফোরিত হয়।
বিস্ফোরণে অল্টারনেটরটির তিনটি কয়েলের মধ্যে দুটিই সম্পূর্ণ পুড়ে গেছে। প্রায় পাঁচ মেট্রিক টন ওজনের এই বৃহৎ অল্টারনেটটি দুটি কয়েল স্থানীয়ভাবে সংস্কার করলে ৫-৭ কোটি টাকা লাগতে পারে। তবে যে কোন সময় আবার বিস্ফোরণ ঘটার ঝুঁকি থেকে যাবে। অপরদিকে নতুন অল্টারনেটরটি সংযোজন করতে হলে ৬০ কোটি টাকার বেশি ব্যয় হবে এবং সময়ও লাগবে কমপক্ষে ছয় মাস।
এ ব্যাপারে কারখানার ব্যবস্থাপনা পরিচালক ওসমান গণি জানান, অল্টারনেটরটি পরিবর্তন বা সংস্কারের বিষয়ে বিশেষজ্ঞদের মতামত পর্যালোচনা করা হচ্ছে। কারখানা কবে চালু করা যাবে তা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না।
কারখানার কর্মকর্তারা জানান, কারখানায় প্রতিটি ১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট রয়েছে। কারখানা চালাতে প্রয়োজন হয় ৬ মেগাওয়াট বিদ্যুৎ।
তারা জানান, বর্তমানে গুদামে প্রায় ৮০ হাজার মেট্রিক টন সার মজুদ আছে। কিন্তু কারখানার অধীন ১৭ জেলার ডিলাদের গত মাসের বরাদ্দের ৪০ হাজার মেট্রিক টন সার এখনো সরবরাহ করার বাকি রয়েছে। চলতি মাসে বরাদ্দ দেওয়া হয়েছে আরো ৪০ হাজার টন।
চলতি মাসে কারখানা চালু না হলে নভেম্বর মাসে ডিলারদের সার সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশংকা রয়েছে।
কারখানাটিতে প্রতিদিন প্রায় দেড় হাজার মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৪ ঘ.
bdnews24