২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তন তহবিলের ৩০ শতাংশ দুর্যোগ ব্যবস্থাপনায় ব্যয় হবে: মন্ত্রী

খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক রোববার বলেছেন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তরা প্রত্যক্ষভাবে উপকৃত হয় এমন খাতেই এ সংক্রান্ত তহবিলের অর্থ ব্যয় করা প্রয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2009, 01:24 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক রোববার বলেছেন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তরা প্রত্যক্ষভাবে উপকৃত হয় এমন খাতেই এ সংক্রান্ত তহবিলের অর্থ ব্যয় করা প্রয়োজন। এ বিষয়ে আন্তর্জাতিক জনমত গঠন করতে তিনি ব্রিটিশ সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশে যুক্তরাজ্যের ভারপ্রাপ্ত হাইকমিশনার ডানকান নরম্যান সচিবালয়ে খাদ্যমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী এ আহ্বান জানান। খাদ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ ট্রাস্ট তহবিল গঠন করেছে। আন্তর্জাতিক দুর্যোগ হ্রাস কৌশল (আইএসডিআর) অনুযায়ী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ফান্ডের ৩০ শতাংশ অর্থ দুর্যোগ ব্যবস্থাপনা খাতে ব্যয় হবে। সাক্ষাৎকালে মন্ত্রী ও রাষ্ট্রদূত জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা, দুর্যোগ ব্যবস্থাপনা ও খাদ্য মজুত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। খাদ্য সচিব মোখলেছুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। খাদ্য মন্ত্রী বলেন, গত মৌসুমে বোরোর উৎপাদন ভাল হওয়ায় বাংলাদেশ লক্ষ্যমাত্রা অনুযায়ী চাল সংগ্রহ করতে পেরেছে। কিন্ত সরকারি খাদ্য গুদামে মাত্র ১৫ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ করা যায়। ফলে বেশি পরিমাণে খাদ্যশস্য মজুদ রাখা যাচ্ছে না। আমন ফসল উঠলে সরকার আরও চাল সংগ্রহ করবে। রাষ্ট্রদূত জানান, বাংলাদেশী ছাত্রদের যুক্তরাজ্যের ভিসা দেওয়ার প্রক্রিয়া সহজতর করা হয়েছে। এ বছর প্রায় আট হাজার বাংলাদেশী ছাত্র তার দেশের ভিসা পেয়েছে। তিনি বাংলাদেশে সৃদৃঢ় গণতান্ত্রিক ব্যবস্থা প্রত্যাশা করে আগামীতে বন্ধুপ্রতীম দু'দেশের মধ্যে সম্পর্ক আরো জোরদার করার আশা ব্যক্ত করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৯১৫ঘ.