২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চারদিন পর পঞ্চগড়ের জেম জুটমিল ফের চালু

অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণার চারদিন পর শনিবার পঞ্চগড় জেম জুটমিল আবার চালু হয়েছে। সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2009, 01:29 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

পঞ্চগড়, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনির্দিষ্টকাল বন্ধ ঘোষণার চারদিন পর শনিবার পঞ্চগড় জেম জুটমিল আবার চালু হয়েছে। সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। গত মঙ্গলবার সকালে কর্মরত শ্রমিকরা আকস্মিকভাবে কাজ বন্ধ রেখে মিল থেকে বের হয়ে যায়। মিল কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের প্রতিশ্র"তি দেয়। কিন্তু শ্রমিকরা এ আহ্বানে সাড়া দেয়নি। পরে কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। মিলের প্রধান অপারেটিং কর্মকর্তা (সিওও) অবসরপ্রাপ্ত মেজর সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিল বন্ধ হওয়ার পর প্রায় প্রতিদিনই শ্রমিকরা গেটে এসে মিল চালু করার দাবি জানায়। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা মিল চালুর আহ্বান জানান। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে কারখানার সম্মেলন কক্ষে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। কর্তৃপক্ষ শনিবার থেকে মিল চালু করতে সম্মত হয়। রাতেই মাইকিং করে শ্রমিকদের কাজে যোগদানের আহ্বান জানানো হয়। সোহেল রানা বলেন, "শ্রমিক-কর্মচারিরা কাজে যোগ দেওয়ায় মিলে স্বাভাবিক কর্মচঞ্চলতা ফিরে এসেছে।" চারদিন মিলটি বন্ধ থাকায় শ্রমিকরা প্রায় ১০ লাখ টাকা মজুরি বঞ্চিত এবং কর্তৃপক্ষের প্রায় ১ কোটি টাকা লোকসান হয়েছে বলে তিনি জানান। মিলের ব্যবস্থাপক (প্রশাসন ও মানব সম্পদ) বোরহান উদ্দিন শামিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বেআইনি ধর্মঘটে নেতৃত্বদানকারী শ্রমিকরা ক্ষমা প্রার্থনা করায় শনিবার থেকে মিলটি চালু করা হয়। শনিবার সকাল সাতটা হতে মিলে স্বাভাবিক উৎপাদন শুরু হয়েছে। পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের মুসলিমবাগে উত্তরাঞ্চলের বৃহত্তম ও শতভাগ রপ্তানিমুখী এই জুট মিলটি ২০০৩ সালে উৎপাদনে যায়। এতে দুইটি ইউনিটে ২৯৬টি লুম রয়েছে। প্রতিষ্ঠানটি বছরে প্রায় ৭০ থেকে ৮০ কোটি টাকার জুট ব্যাগ ও জুট ইয়ার্ন (সুতা) বিদেশে রপ্তানি করে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯৩০ ঘ.