২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনের শেয়ারের জন্য ব্যাংকগুলোতে লম্বা লাইন

গ্রামীণফোনের প্রাথমিক শেয়ারের (আইপিও) জন্য আবেদন জমার শেষ দিনেও ব্যাংকগুলোতে ছিল সাধারণ বিনিয়োগকারীদের উপচে পড়া ভিড়। রাজধানীসহ সারাদেশে বৃহস্পতিবার সকাল থেকে প্রাথমিক শেয়ারের (আইপিও) আবেদন জমা দেওয়ার জন্য নির্দিষ্ট ব্যাংকগুলোতে ভিড় করতে থাকে আবেদনকারীরা। শেষ সময় বিকাল তিনটা পর্যন্ত আবেদন জমা নিতে গিয়ে ব্যাংকগুলোকে হিমশিম খেতে হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2009, 02:17 PM

Updated : 26 Aug 2022, 12:10 PM

ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণফোনের প্রাথমিক শেয়ারের (আইপিও) জন্য আবেদন জমার শেষ দিনেও ব্যাংকগুলোতে ছিল সাধারণ বিনিয়োগকারীদের উপচে পড়া ভিড়। রাজধানীসহ সারাদেশে বৃহস্পতিবার সকাল থেকে প্রাথমিক শেয়ারের (আইপিও) আবেদন জমা দেওয়ার জন্য নির্দিষ্ট ব্যাংকগুলোতে ভিড় করতে থাকে আবেদনকারীরা। শেষ সময় বিকাল তিনটা পর্যন্ত আবেদন জমা নিতে গিয়ে ব্যাংকগুলোকে হিমশিম খেতে হয়। স্থানীয় বিনিয়োগকারীদের জন্য বৃহস্পতিবার এ প্রক্রিয়া শেষ হলেও প্রবাসী বাংলাদেশীরা ১৮ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। গত রোববার দেশের পুঁজিবাজারে সর্ববৃহৎ ৪৮০ কোটি টাকার আইপিও সাবস্ক্রিপশন প্রক্রিয়া শুরু হয়। দেশের বৃহত্তম এ মোবাইল কোম্পানির দীর্ঘ প্রতীক্ষিত সাবস্ক্রিপশন শুরুর প্রথম দিন থেকে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়। আগে কখনই শেয়ার ব্যবসা করেননি এমন অনেকেও প্রাথমিক শেয়ারের জন্য আবেদন করেন। আইপিও ছাড়ার ঘোষণার পর থেকে আবেদনপত্রের চাপ সামলাতে ১৫টি নির্দিষ্ট ব্যাংককে প্রথম দিন থেকেই হিমশিম খেতে হয়। এসব ব্যাংকের ৫০৩টি শাখায় অতিরিক্ত কাউন্টার খোলা হলেও চাপের তুলনায় তা ছিল অপ্রতুল। এসব ব্যাংক ছাড়াও রাষ্ট্রায়ত্ত্ব বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশও (আইসিবি) আবেদনপত্র জমা নেয়। মোট কত আবেদনপত্র জমা পড়েছে তা জানাতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা। সিটিগ্র"প গ্লোবাল মার্কেটস বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ইস্যু ম্যানেজার সিলমাত চিশতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কত আবেদনপত্র জমা পড়েছে তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। নির্ধারিত পরিমাণের চেয়ে তা কয়েকগুণ বেশি হতে পারে।" গ্রামীণফোনের আইপিওকে কেন্দ্র করে গত কয়েক দিনে বিপুল সংখ্যক বিও অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে জানা গেছে। শুধু প্রথম দিনই খোলা হয়েছে ২৮ হাজার নতুন অ্যাকাউন্ট। ব্রোকারেজ হাউজগুলোর কর্মকর্তাদের তথ্য অনুসারে, মাত্র গত তিন মাসে দেড় লাখ নতুন বিও অ্যাকাউন্ট খোলা হয়েছে। এ সংখ্যা দেশের মোট অ্যাকাউন্টের দশভাগের এক ভাগ। এই বিপুল সংখ্যক বিনিয়োগকারীর চাপ সামলাতে ব্রোকারেজ হাউজগুলোর অনুরোধে বাংলাদেশ সেন্ট্রাল ডিপোজেটরি লিমিটেড (সিডিবিএল) রোববার থেকে কাজের সময় সন্ধ্যা সাতটা পর্যন্ত করে। সিডিবিএল-এর তথ্য অনুযায়ী, গ্রামীণফোনের আবেদনপত্র জমা নেওয়ার প্রথম দিন রোববার ২৮ হাজার নতুন অ্যাকাউন্ট খোলা হয়। বাজারে শেয়ার ছেড়ে জনসাধারণের কাছ থেকে মূলধন সংগ্রহের ব্যাপারে গত ২০ আগস্ট পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চূড়ান্ত অনুমোদন পায় গ্রামীণফোন। গ্রামীণফোন সাধারণ বিনিয়োগকারীদের জন্য আইপিও'র মাধ্যমে প্রায় ৪৮৬ কোটি ৭ লাখ টাকার সমমূল্যের ৬ কোটি ৯৪ লাখ ৩৯ হাজার ৪শ' শেয়ার ছাড়ছে। এর প্রতিটি লটে থাকছে ২০০টি শেয়ার। ১০ টাকার অভিহিত মূল্যের (ফেস ভ্যালু) সঙ্গে ৬০ টাকার প্রিমিয়াম যোগ করে সাধারণ বিনিয়োগকারীদের জন্য প্রতিটি শেয়ারের দাম ধরা হয়েছে ৭০ টাকা। এ হিসাবে কোম্পানিটির এক লট শেয়ারের মূল্য ১৪ হাজার টাকা। গত ডিসেম্বরে ৪৮৬ দশমিক ৭ কোটি টাকার প্রাক-আইপিও (প্রাইভেট প্লেসমেন্ট) সম্পন্ন করে গ্রামীণফোন। নরওয়ের কোম্পানি টেলিনর গ্রামীণ ফোনের ৬২ শতাংশ এবং বাংলাদেশী কোম্পানি গ্রামীণ টেলিকম ৩৮ শতাংশ শেয়ারের মালিক। ১৯৯৬ সালে কার্যক্রম শুরুর পর ২০০৮ সালের ডিসেম্বর পর্যন্ত গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ছিল ২ কোটি ১০ লাখ। দেশের মোবাইল ফোন ব্যবহারকারীদের ৪৭ শতাংশই গ্রামীণফোনের গ্রাহক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/আরএআর/এএল/এসকে/২০১৫ঘ.