২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইর 'জেড' শ্রেণীর ৫১ প্রতিষ্ঠান তালিকাচ্যুত

'ওভার দ্য কাউন্টার (ওটিসি)' বা বিকল্প বাজারে তালিকাভুক্তির জন্য 'জেড' শ্রেণীভুক্ত নিষ্ক্রিয় বা দুর্বল মৌলভিত্তির ৫১টি প্রতিষ্ঠানকে পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ রোববার ওই প্রতিষ্ঠানগুলোর নাম ঘোষণা করে এগুলোকে ওটিসি বাজারে অন্তর্ভুক্ত হতে বলে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2009, 02:47 PM

Updated : 26 Aug 2022, 12:09 PM

ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ওভার দ্য কাউন্টার (ওটিসি)' বা বিকল্প বাজারে তালিকাভুক্তির জন্য 'জেড' শ্রেণীভুক্ত নিষ্ক্রিয় বা দুর্বল মৌলভিত্তির ৫১টি প্রতিষ্ঠানকে পুঁজিবাজার থেকে তালিকাচ্যুত করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ রোববার ওই প্রতিষ্ঠানগুলোর নাম ঘোষণা করে এগুলোকে ওটিসি বাজারে অন্তর্ভুক্ত হতে বলে। ডিএসই'র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা সতিপতি মৈত্র সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, "বাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" গত বৃহস্পতিবার বাজার নিয়ন্ত্রণ সংস্থা এসইসি কর্তৃপক্ষ জেড শ্রেণীর যেসব শেয়ারের লেনদেন স্থগিত করা হয়েছে সেগুলোকে ওটিসি মার্কেটে তালিকাভুক্ত করতে ডিএসই কর্তৃপক্ষের কাছে একটি নির্দেশনা পাঠায়। ৬ সেপ্টেম্বর নিষ্ক্রিয়, তালিকাচ্যুত বা কখনো তালিকাভুক্ত হয়নি- এ ধরনের কোম্পানির শেয়ার লেনদেনে এ বিকল্প বাজার উদ্বোধন করা হয়। ১৯৯৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত ১৪ বছরে এ পর্যন্ত ৩৬টি প্রতিষ্ঠানকে তালিকাচ্যুত করা হয়েছে। ডিএসই'র একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এসইসি'র নির্দেশনা অনুযায়ী ওই ৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে ৩৩টি প্রতিষ্ঠান ওটিসি বাজারে অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবে। ২০০১ সালে এসইসি কর্তৃপক্ষ আইন করে বিকল্প বাজার প্রবর্তনের পরিকল্পনা নেয়। ২০০৪ সালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ এ ধরনের বাজার চালু করলেও তাদের উদ্যোগ তেমন সফল হয়নি। সিএসই কর্তৃপক্ষের অভিমত, তালিকাচ্যুত কোম্পানির অসহযোগিতার কারণেই তাদের উদ্যোগ ব্যর্থ হয়েছিল। সিএসই'র সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা এবি সিদ্দিক বলেন, " সেসময় সব তালিকাচ্যুত কোম্পানিকে এ বাজারে আসার আহ্বান জানানো হলেও কেউই এগিয়ে আসেনি।" তালিকাচ্যুত প্রতিষ্ঠানগুলোর নাম তালিকাচ্যুত প্রতিষ্ঠানগুলো হলো- চিক টেক্সটাইল, রাসপিট ইনকরপোরেট, রাসপিট ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন, পেট্রো সিনথেটিক প্রডাক্টস, ফার্মাকো ইন্টারন্যাশনাল, জার্মান বাংলা জে ভি ফুড, আল-আমিন কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ, আশরাফ টেক্সটাইলস, বাংলাদেশ কেমিক্যালস, বিডি ডায়িং অ্যান্ড ফিনিশিং ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ জিপার, এক্সেলসিউর শু, গচিহাটা অ্যাকুয়াকালচার ফার্মস, জিএমজি ইন্ডাস্ট্রিয়াল করপোরেশন, ম্যাক এন্টারপ্রাইজেস, ম্যাক পেপার, মেটালেক্স করপোরেশন, মিতা টেক্সটাইল, মডার্ন সিমেন্ট, পদ্মা প্রিন্টার্স, কাশেম টেক্সটাইল, রহমান কেমিক্যালস, রাঙামাটি ফুড প্রোডাক্টস, রোজ হেভেন বলপেন, সজীব নিটওয়্যার, সোনালি পেপার, শ্রীপুর টেক্সটাইল, ইউসিবিএল, তমিজউদ্দিন টেক্সটাইল, ওয়াটা কেমিক্যালস, ওয়ান্ডারল্যান্ড টয়েস, আরবি টেক্সটাইল, বাংলাদেশ মনোস্পুল পেপার, বেঙ্গল ফাইন সিরামিকস, ঈগল স্টার, লেক্সকো, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, ফিনিক্স লেদার, টিউলিপ ডেইরি, বায়োনিক সি ফুড, মোনা ফুড, আনাম সি ফুড, এম হোসেন গার্মেন্টস, ডায়নামিক টেক্সটাইল, সালেহ কার্পেট, বাংলাদেশ ইলেকট্রিসিটি মিটার কোম্পানি, পারফিউম কেমিক্যালস, কাশেম টেক্সটাইল, মেঘনা শ্রিম্প, বেঙ্গল বিস্কুট ও বাংলাদেশ লাগেজ। ওটিসিতে যে ধরনের শেয়ার লেনদেন হবে এসইসির অনুমোদনপ্রাপ্ত কিন্তু তালিকা-বহির্ভূত ও তালিকাচ্যুত কোম্পানিই কেবল ওটিসি বাজারে শেয়ার লেনদেনের জন্য আবেদন করতে পারবে। তাই ওটিসি বাজারে তালিকাভুক্তির আবেদন করার আগে আগ্রহী কোম্পানিকে এসইসির অনুমোদন নিতে হবে। এসইসির অনুমোদন পাওয়ার পর সংশ্লিষ্ট কোম্পানি নির্দিষ্ট ফরমে স্টক এক্সচেঞ্জের কাছে ওটিসি বাজারে তালিকাভুক্ত হওয়ার জন্য আবেদন করবে। এক্ষেত্রে তালিকাচ্যুত কোম্পানি আবেদন করার সঙ্গে সঙ্গেই ওটিসি বাজারে তালিকাভুক্তির অনুমোদন পাবে। তবে তালিকা-বহির্ভূত কোম্পানির ক্ষেত্রে ডিএসই কয়েকটি বিষয় পরীক্ষা করবে। এগুলোর মধ্যে পরিশোধিত মূলধন কমপক্ষে এক কোটি টাকা থাকা, নিয়মিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও পুঞ্জীভূত কোনো লোকসান না থাকার বিষয়টি উল্লেখযোগ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এসকে/২০৪০ঘ.