ঢাকা, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তৈরি পোশাকের নিট ও উভেন খাত থেকে প্রায় ৮০ শতাংশ আয় ধরে চলতি অর্থবছরে ১৩ শতাংশ বেশি রপ্তানি লক্ষ্যমাত্রা চূড়ান্ত করেছে সরকার।
বৃহস্পতিবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে এক বৈঠকে চলতি ২০০৯-১০ অর্থবছরে এক হাজার ৭৬০ কোটি (১৭ দশমিক ৬০ বিলিয়ন) ডলারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়।
গত অর্থবছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল এক হাজার ৬৩০ কোটি (১৬ দশমিক ৩০ বিলিয়ন) ডলার। আর ওই বছর মোট এক হাজার ৫৫৬ কোটি (১৫ দশমিক ৫৬ বিলিয়ন) ডলারের পণ্য রপ্তানি হয়।
বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (রপ্তানি) মনোজ কুমার রায় সাংবাদিকদের জানান, চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রার মধ্যে তৈরি পোশাক খাতের (নিট ও উভেন) জন্য ধরা হয়েছে ৭৯ দশমিক ৪৬ শতাংশ। এর মধ্যে নিট খাতের জন্য ৪১ দশমিক ৪৬ শতাংশ ও উভেন খাতের জন্য ৩৮ শতাংশ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
বিশ্ব অর্থনীতির চলমান মন্দার কারণে এ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, "মন্দা কেটে যেতে শুরু করেছে। চলতি অর্থ বছরের জুলাই মাসে আমাদের রপ্তানি আয়ের প্রবৃদ্ধিতে নেতিবাচক ধারা দেখা দিলেও গত আগস্ট মাসে শূন্য দশমিক ৭১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।"
বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সভাপতিত্বে রপ্তানি খাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।
মনোজ কুমার রায় বলেন, "প্রতিবারের মতো এবারও (২০০৯-১০ অর্থবছর) দেশের রপ্তানি আয়ে নিট ও উভেন পোশাকই মূল ভূমিকায় থাকবে বলে আশা করা হচ্ছে। চলতি অর্থ বছরে নিট এবং ওভেন খাতের অবদান বিগত অর্থবছরের তুলনায় বেশি থাকবে।
বিশ্বমন্দার মধ্যেও লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অর্থবছরের তিন মাস পার হওয়ার পর কেনো লক্ষ্যমাত্রা ঘোষণা করা হলো এ প্রশ্নের উত্তরে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব বলেন, "এটা আসলে একটি গুরত্বপূর্ণ প্রশ্ন। আসলে এ ধারাবাহিকতা দীর্ঘদিন ধরেই চলে আসছে। আগের অর্থবছরের রপ্তানি সংক্রান্ত তথ্য-উপাত্ত পেতে দেরি হওয়ার কারণেই লক্ষ্যমাত্রা ঘোষণা করতে দেরি হয়ে যায়।"
বাংলাদেশে অর্থবছর শুরু হয় জুলাই মাস থেকে। আর শেষ হয় জুন মাসে। সে হিসেবে ইতিমধ্যে চলতি ২০০৯-১০ অর্থবছরের তিন মাস (জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর) পার হয়ে গেছে।
২০০৯-১০ অর্থবছরে পণ্যভিত্তিক রপ্তানি লক্ষ্যমাত্রার মধ্যে নিট পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭২৯ কোটি ৭২ লাখ (৭ দশমিক ৩০ বিলিয়ন) ডলার। এটা ২০০৮-০৯ অর্থবছরের মোট নিট রপ্তানি আয়ের চেয়ে ১৩ দশমিক ৫০ শতাংশ বেশি।
গত অর্থবছরে নিট খাত থেকে মোট ৬৪২ কোটি ৮৩ লাখ (৬ দশমিক ৪৩ বিলিয়ন) ডলার আয় হয়েছে।
আর এ খাতের রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল ৬৫৮ কোটি ৩৭ লাখ (৬ দশমিক ৫৮ বিলিয়ন) ডলার।
চলতি অর্থবছরে উভেন পোশাক রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৬৮ কোটি ৭৯ লাখ (৬ দশমিক ৬৯ বিলিয়ন) ডলার। এটা ২০০৮-০৯ অর্থবছরের মোট রপ্তানি আয়ের চেয়ে ১৩ শতাংশ বেশি।
গত অর্থবছরে উভেন খাত থেকে মোট ৫৯১ কোটি ৮৫ লাখ (৫ দশমিক ৯২ বিলিয়ন) ডলার আয় হয়। আর এ খাতের রপ্তানি লক্ষ্যমাত্রা ছিল ৫৬৮ কোটি ৪০ লাখ (৫ দশমিক ৬৮ বিলিয়ন) ডলার।
হিমায়িত খাদ্য রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৬ কোটি ৭২ লাখ ডলার।
এটা গত অর্থবছরের মোট আয়ের চেয়ে মাত্র ৩ শতাংশ বেশি।
চামড়া রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৩ কোটি ০৫ লাখ ডলার। এটা অর্থবছরে এ খাতের মোট আয়ের চেয়ে ৩০ শতাংশ বেশি।
গত অর্থবছরের রপ্তানি আয়ের চেয়ে ৫ শতাংশ প্রবৃদ্ধি ধরে পাটজাত দ্রব্য রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৮ কোটি ২৭ লাখ ডলার।
চা রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক কোটি ২৯ লাখ ডলার। এটা গত অর্থবছরে এ খাতের আয়ের চেয়ে ৫ শতাংশ বেশি।
কাঁচাপাট রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ কোটি ৫৬ লাখ ডলার।
শাক সবজি রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ কোটি ৬৯ লাখ ডলার।
অন্যান্য পণ্যের মধ্যে ওষুধ রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ কোটি ২৫ লাখ ডলার। এটা গত অর্থবছরের চেয়ে ১৫ শতাংশ বেশি।
১২ শতাংশ প্রবৃদ্ধি ধরে হোম টেক্সটাইল রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৫ কোটি ১১ লাখ ডলার।
টেরিটাওয়েল রপ্তানির লক্ষ্যমাত্রা হচ্ছে ১৫ কোটি ৯১ লাখ ডলার (গত অর্থবছরের চেয়ে ২০ শতাংশ বেশি)।
অপ্রচলিত পণ্যের মধ্যে বাইসাইকেল রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ কোটি ৯৯ লাখ ডলার। এটা গত অর্থবছরের এ খাতের আয়ের চেয়ে ৩০ শতাংশ বেশি।
পাদুকা রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২২ কোটি ৪৩ লাখ ডলার। সিরামিক সামগ্রী রপ্তানির লক্ষ্যমাত্রা হচ্ছে ৩ কোটি ৪৯ লাখ ডলার।
মিশনভিত্তিক পণ্য রপ্তনির লক্ষ্যমাত্রা ক্ষেত্রে ওয়াশিংটন মিশনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৮৬ কোটি ৭২ লাখ (৪ দশমিক ৮৭ বিলিয়ন) ডলার। এটা গত অর্থবছরের আয়ের চেয়ে ১৫ শতাংশ বেশি।
ব্রিটেন মিশনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬২ কোটি ৭৪ লাখ (২ দশমিক ৬৩ বিলিয়ন) ডলার। লন্ডনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৭৯ কোটি ৫৯ লাখ (১ দশমিক ৭৯ বিলিয়ন) ডলার।
প্যারিসের লক্ষ্যমাত্রা হচ্ছে ১১৮ কোটি ৫৯ লাখ ডলার। ব্রাসেলসের লক্ষ্যমাত্রা ৫০ কোটি ৭০ লাখ ডলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এফএফ/জিএনএ/১৯২২ ঘ.
bdnews24