ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর বার্ষিক আয়োজন বেসিস সফটএক্সপো-২০০৯ এর শনিবার ছিল শেষ দিন।
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গত ২৭ জানুয়ারি শুরু হয় এই সফটওয়্যার মেলা।
বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ-প্রযুক্তি মন্ত্রাণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই মেলায় প্রতিদিনই প্রযুক্তি বিষয়ক সেমিনার আয়োজন করা হয়। এসব সেমিনারে উঠে এসেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে বাংলাদেশের সম্ভাবনা এবং বিশ্বমানের প্লাটফর্ম তৈরির মতো নানা বিষয়।
বেসিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী।
বেসিস এর প্রেসিডেন্ট হাবিবুল্লাহ এন করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও ছিলেন, বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ এবং বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ সচিব মো. নাজমুল হুদা খান, বেসিসের ন্যাশনাল ইভেন্টস বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এ তৌহিদ, বেসিসের ন্যাশনাল ইভেন্টস বিষয়ক স্ট্যান্ডিং কমিটির ডিরেক্টর ইন-চার্জ এম এ মুবিন খান প্রমুখ।
পাঁচ দিনব্যাপী এই মেলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ আরো কয়েকটি গণমাধ্যম মিডিয়া পার্টনার হিসেবে সহায়তা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/জিএনএ/২২০০ ঘ.
bdnews24