২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেটার বিজনেস ফোরাম সচল থাকছে

অর্থনীতিকে গতিশীল করে তোলার জন্য তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত বাংলাদেশ বেটার বিজনেস ফোরাম (বিবিবিএফ)-এর কার্যক্রম বর্তমান সরকারের সময়েও চলবে। খুব শিগগিরই মন্ত্রিপরিষদের বৈঠকে বিবিবিএফ পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন সরকারের উর্ধ্বতন এক কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2009, 02:48 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিনিয়র প্রতিবেদক ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- অর্থনীতিকে গতিশীল করে তোলার জন্য তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত বাংলাদেশ বেটার বিজনেস ফোরাম (বিবিবিএফ)-এর কার্যক্রম বর্তমান সরকারের সময়েও চলবে। খুব শিগগিরই মন্ত্রিপরিষদের বৈঠকে বিবিবিএফ পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন সরকারের উর্ধ্বতন এক কর্মকর্তা। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত গত বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা (সরকার) বিবিবিএফের কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছি। খুব শিগগিরই ফোরাম পুনর্গঠন করা হবে।" তিনি বলেন, "এফবিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন বিবিবিএফের কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ করেছে। তাদের মতামতের ওপর গুরুত্ব দিয়ে আমরা এই ফোরামের কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছি।" দেশের ব্যবসায়ী নেতারা ফোরামের কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তারা বলেছেন, এর ফলে দেশের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে এখনও যে সব প্রতিবন্ধকতা রয়েছে তা দূর করা সহজ হবে। এফবিসিসিআই সভাপতি আনিসুল হক শনিবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত দু'বছরে বিবিবিএফ একটি ইন্সটিটিউশন (প্রতিষ্ঠান) হিসেবে বেশ ভালো কাজ করেছে। সরকার প্রধান এই ফোরামের প্রধান হওয়ায় অনেক সিদ্ধান্ত দ্রুত নেওয়া সম্ভব হয়েছে। এক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা বলতে কিছু ছিল না। এ জন্যই আমরা চাই বর্তমান সরকারের সময়েও প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিবিবিএফ একটি প্রতিষ্ঠান হিসেবে দেশের ব্যবসা-বাণিজ্যকে আরও গতিশীল করে তোলার জন্য কাজ করে যাবে।" নাম প্রকাশ না করার শর্তে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধানমন্ত্রীকে চেয়ারম্যান করে বিবিবিএফ পুনর্গঠন করা হবে। কো-চেয়ারম্যান হবেন অর্থমন্ত্রী। তত্ত্বাবধায়ক সরকারের মতোই ফোরামে সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদেরও রাখা হবে।" খুব শিগগিরই মন্ত্রিসভার বৈঠকে বিবিবিএফ পুনর্গঠন করা হবে বলে ওই কর্মকর্তা জানান। দেশের অর্থনীতিকে গতিশীল করে তোলার জন্য ২০০৭ সালের ২৬ নভেম্বর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিদের নিয়ে ৩৮ সদস্যের বেটার বিজনেস ফোরাম গঠন করা হয়। ১৫ ডিসেম্বর প্রধান উপদেষ্টার সভাপতিত্বে ফোরামের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্যবসায়িক অর্থায়ন, অবকাঠামো, সামষ্টিক অর্থনৈতিক নীতি, ব্যবসা শুরু ও পরিচালনা এবং কর্মনৈপুণ্য উন্নয়ন- এই পাঁচটি ওয়ার্কিং গ্র"প গঠন করা হয়। ওয়ার্কিং গ্র"পগুলো আলাদাভাবে বৈঠক করে বেশ কিছু সুপারিশ করে। সে সব সুপারিশ যাচাই-বাছাই করে ১১৪টি চূড়ান্ত করা হয়। বিবিবিএফ এই ১১৪টি সুপারিশের মধ্যে ৬টি 'অবিলম্বে করণীয়', ৪৩টি, 'স্বল্প মেয়াদে করণীয়', ৪২টি 'মধ্য মেয়াদে করণীয়' এবং ২৩টি 'দীর্ঘ মেয়াদে করণীয়' শ্রেণীতে বিভক্ত করে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) এবং তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন সংক্রান্ত সুপারিশগুলো রাখা হয়েছিল 'অবিলম্বে করণীয়' শ্রেণীতে। এর আওতায় ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ দেয়ার জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আলাদা তহবিল গঠন করতে বলা হয়। এই তহবিলের ৪০ ভাগ ঋণ ক্ষুদ্র শিল্পে ব্যবহার করা হবে এবং বাকি ৬০ ভাগ যাবে মাঝারি শিল্পে। স্বল্প মেয়াদে করণীয় ৪৩টি সুপারিশের মধ্যে ছিল কর অবকাশ (ট্যাক্স হলিডে), কর সুবিধা, অঘোষিত বা অপ্রদর্শিত আয়কে বৈধ্য করার সুযোগ, কোম্পানি নিবন্ধন, ট্রেড লাইসেন্স, মূল্য সংযোজন কর (ভ্যাট), পরিবেশ ছাড়পত্র সহজীকরণ, ব্যাংক ঋণের সুদের হার হ্রাস ইত্যাদি। 'মধ্য মেয়াদে করণীয়' সুপারিশগুলোর মধ্যে রয়েছে রপ্তানি উন্নয়ন, আমদানি সহজকরণ, বিনিয়োগ বৃদ্ধি ও কর ব্যবস্থার উন্নয়ন। এ সব সুপারিশের বেশ কিছু ইতিমধ্যে বাস্তবায়িত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/টিআর/