ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দেশের ওষুধ প্রস্তুত ও রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর মধ্যে নেতৃস্থানীয় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে (বিপিএল) শেয়ার/ওয়ারেন্ট ইস্যুর মাধ্যমে ৪৬০ কোটি টাকা দিচ্ছে যুক্তরাষ্ট্রের জিইএম গ্লোবাল ইল্ড ফান্ড লিমিটেড।
সোমবার দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে বিপিএল'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চুক্তি অনুসারে বিপিএলকে ৪৬০ কোটি টাকা পর্যন্ত দিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্রের ব্যক্তি মালিকানাধীন বিনিয়োগ গ্র"প জিইএম গ্লোবাল।
একই দিনে অনুষ্ঠিত বিপিএল এর বোর্ড সভায় জিইএম গ্লোবালের কাছ থেকে ৪১০ কোটি টাকার সাধারণ শেয়ার ও ৫০ কোটি টাকার ওয়ারেন্ট ইস্যু করার অনুমোদন দেওয়া হয়।
বেক্সিমকো গ্র"পের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান বলেন, এই চুক্তি বাংলাদেশের ওপর বিদেশি বিনিয়োগকারীদের আস্থারই বহিঃপ্রকাশ।
'ভেরিয়েবল প্রাইসিং মেথড' এর আওতায় ঢাকা স্টক এক্সচেঞ্জের বিরাজমান গড় শেয়ার মূল্যের শতকরা ৯০ ভাগ দামে জিইএমকে শেয়ার ইস্যু করতে পারবে বিপিএল। ওয়ারেন্ট ইস্যু করা হবে প্রতিটি ২০০ টাকা দরে।
১৯৯৪ এর কোম্পানি আইনের ১১৫ (২) ধারা অনুযায়ী এক্ষেত্রে সাধারণ শেয়ার হোল্ডারদের অনুমোদন ও ২০০১ সালের মূলধন সংগ্রহের নিয়মাবলী অনুযায়ী সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে এটি কার্যকর হবে।
এর পরিপ্রেক্ষিতে আগামী ১৯ ফেব্র"য়ারি সকাল ১০টায় সাধারণ শেয়ার হোল্ডার কর্তৃক অনুমোদনের জন্য 'এক্সট্রা-অর্ডিনারি জেনারেল মিটিং 'বা ইজিএম আহবান করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিপিএল এর 'ব্যালান্সিং, মর্ডানাইজেশন, রিহেবিলিটেশন অ্যান্ড এক্সপানশন' (বিএমআরই), ডাইভার্সিফিকেশন এবং চলতি মূলধন হিসেবে এই টাকা ব্যবহৃত হবে। এর মধ্যে ৩৩০ কোটি টাকা উৎপাদন ক্ষমতা বাড়ানো এবং বাকি ১৩০ কোটি টাকা মূলধন হিসেবে ব্যবহৃত হবে বলে আশা করছে বিপিএল।
এর মাধ্যমে ২০১০ সালের মধ্যে বিপিএল এর মোট আয় ১০০৬ কোটি টাকা এবং নিট মুনাফা ২০৩ কোটি টাকা হবে আশা করা হচ্ছে। এর বেশিরভাগই আসবে রপ্তানি আয় থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/কিউএইচ/এসকে/
bdnews24