ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--স্যাটেলাইট টেলিভিশনের সংযোগ চার্জ বাড়ানোর দাবি জানিয়েছে কেবল অপারেটর অ্যাসোয়িয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। তবে তাদের এ দাবি নাকচ করে দিয়ে উল্টো চার্জ কমানোর পরামর্শ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।
বাণিজ্য মন্ত্রণালয়ে রোববার ফারুক খানের সঙ্গে বৈঠকে কোয়াবের এক বৈঠক হয়।
বৈঠকে কোয়াব সভাপতি এসএম আনোয়ার পারভেজ সংযোগ চার্জ বাড়ানোর দাবি করলে বাণিজ্য মন্ত্রী উল্টো তা কমানোর পরামর্শ দিয়ে বলেন, "ডিজিটাল বাংলাদেশ গড়তে এই সংযোগ চার্জ কমাতে হবে। এজন্য সরকারের পক্ষ থেকে কেবল অপারেটরদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।"
নেতারা বলেন, ক্যাবল টিভি অপারেটরদের ব্যবসায়িক নিরাপত্তা নিশ্চিত, প্রচলিত ক্যাবল টিভি পরিচালনা আইনের সংশোধন এবং এর সঠিক প্রয়োগ করলে সংযোগ চার্জ কমানো যাবে।
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ
এর আগে বাণিজ্য মন্ত্রী ফারুক খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।
পরে এ ব্যাপারে বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, "আমাদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মার্কিন রাষ্ট্রদূত আশা প্রকাশ করেছেন। এছাড়া বাংলাদেশে আমেরিকার বিনিয়োগ বৃদ্ধি ও টিফা চুক্তির বিষয়ে আলোচনা হয়েছে।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "টিফা চুক্তি নিয়ে আমরা কোন সিদ্ধান্ত নিইনি। বিগত বিএনপি সরকার টিফা চুক্তির বিষয়ে যে কাজ করেছে তত্ত্বাবধায়ক সরকার সেই কাজকে এগিয়ে নিয়েছে। আমরা কাজের ধারাবাহিকতা রক্ষা করছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/২১১৪ঘ.
bdnews24