২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিমের ওপর থেকে কর প্রত্যাহারের আহ্বান এমওএবি-র

মোবাইল ফোনের সিম কার্ডের ওপর থেকে ৮০০ টাকার কর প্রত্যাহারের দাবি করেছে মোবাইল টেলিফোন কোম্পানিগুলো। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর (এএমটিওবি) এর সদস্যরা বুধবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর সঙ্গে এক বৈঠকে এ দাবি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2009, 02:36 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মোবাইল ফোনের সিম কার্ডের ওপর থেকে ৮০০ টাকার কর প্রত্যাহারের দাবি করেছে মোবাইল টেলিফোন কোম্পানিগুলো। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিফোন অপারেটর (এএমটিওবি) এর সদস্যরা বুধবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর সঙ্গে এক বৈঠকে এ দাবি জানান। টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে মোবাইল ফোন অপারেটররা তত্ত্বাবধায়ক সরকারের আমলে সংশোধিত টেলিযোগাযোগ নীতিমালাও আরও পরীক্ষা-নিরীক্ষা করার পরামর্শ দেন। বৈঠক শেষে মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু ব্যবসায়ীদের সিম ট্যাক্স কমানোর আহ্বানের কথা জানিয়ে সাংবাদিকদের বলেন, "আমরা অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেটা দেখবো।" তিনি বলেন, "২০০৮ সালে যে অধ্যাদেশ জারি হয়েছিল তার বিষয়ে বিটিআরসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো। কিছু কিছু জায়গা হয়তো আমরা সংশোধন করতে পারি।" এএমটিওবি প্রেসিডেন্ট একটেলের পরিচালক ফজলুর রহমান সাংবাদিকদের বলেন, "আমাদের প্রবৃদ্ধি বৃদ্ধির ক্ষেত্রে যে সমস্যা আছে তার দু' একটি বলেছি। অধ্যাদেশটি নিয়ে আমরা আলোচনা করবো।" তিনি দাবি করেন 'অনেকদিন ধরে' চালু থাকা সিম ট্যাক্স প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে। ফজলুর রহমান বলেন, "এটি আমাদের ও গ্রাহকের খরচ বাড়িয়ে দেয়।" বৈঠকে মোবাইল কোম্পানির প্রতিনিধিরা সচিবালয়ে টাওয়ার না থাকায় মোবাইল ফোন নেটওয়ার্কের সমস্যাসহ বিভিন্ন বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ মাহবুবুর রহমান মোবাইল ফোন কোম্পানিগুলোর কার্যক্রম বিষয়ে সভায় আলোকপাত করেন। এতে মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ মোবাইল ফোন কোম্পানি গ্রামীণফোন, একটেল, সিটিসেল, টেলিটক, ওয়ারিদ ও বাংলালিংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২০৩২ঘ.