আবদুর রহিম হারমাছি, সিনিয়র প্রতিবেদক
ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বিশ্ব অর্থনীতির চলমান সঙ্কট মোকাবেলার জন্য আগামী ১৫ দিনের মধ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটি ঘোষণা করা হবে।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বুধবার একথা জানিয়ে বলেছেন, সরকার, বিরোধী দল, ব্যবসায়ী প্রতিনিধি ও বিশেষজ্ঞদের নিয়ে এটি গঠিত হবে।
এছাড়া অর্থনীতিকে গতিশীল করতে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গঠিত বাংলাদেশ বেটার বিজনেস ফোরামের (বিবিবিএফ) কার্যক্রম এই সরকারের সময়েও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।
বুধবার সন্ধ্যায় সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই) নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, "আমাদের সরকারের মূল লক্ষ্য হচ্ছে সরকারি ও বেসরকারি খাতের অংশীদারিত্বের ভিত্তিতে দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।"
তিনি বলেন, "বিশ্ব অর্থনীতিতে সঙ্কট চলছে। এই সঙ্কট আমাদের অর্থনীতিতে কি ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে তা এখনো পরিষ্কার করে কিছু বলা যাচ্ছে না। এফবিসিসিআই, এমসিসিআই সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠন এ নিয়ে বেশ উদ্বিগ্ন। আমরাও পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছি।"
এ প্রসঙ্গে তিনি আগামী ১৫ দিনের মধ্যে অর্থমন্ত্রীকে প্রধান করে সরকার, বিরোধী দল ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হবে বলে ঘোষণা দেন।
মুহিত জানান, এই কমিটির কাজ হবে বিশ্ব অর্থনীতির পরিস্থিতি ভালোভাবে পর্যালোচনা করে সরকারকে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাহায্য করা।
তিনি আরো জানান, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য ব্যাংক ঋণের সুদ ও মুদ্রা বিনিময় হার কেমন হওয়া দরকার এ সব বিষয়সহ অর্থনীতির বিভিন্ন খাতের বিষয়ে সুপারিশ করবে এই কমিটি।
ব্যাংক ঋণের সুদের হার হ্রাস করা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন,"ব্যাংক ঋণের সুদের হার মূল্যস্ফীতির সঙ্গে সরাসরি সম্পর্কিত। মূল্যস্ফীতি কম থাকলে ব্যাংক ঋণের সুদের হার কমে আসবে এটাই স্বাভাবিক। কিন্তু দুঃখজনক হচ্ছে আমাদের দেশে এটি হয় না।"
তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে মূল্যস্ফীতির হার যখন দুই শতাংশ ছিল তখনও ব্যাংক ঋণের সুদের হার চড়া ছিল। কিছুদিন আগে (তত্ত্বাবধায়ক সরকারের সময়ে) যখন মূল্যস্ফীতি দুই অঙ্ক অতিক্রম করেছিল তখন ব্যাংক ঋণের সুদের হার যেমন ছিল, বর্তমানে মূল্যস্ফীতি অনেক কমে এলেও ব্যাংক ঋণের সুদের হার একই রকম আছে।
তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বেশ ঘটা করে গঠিত বিবিবিএফের কার্যক্রম অব্যাহত রাখা প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, " ব্যবসায়ী নেতারা জানিয়েছেন অর্থনীতিকে গতিশীল করতে গঠিত এ ফোরাম বেশ ভালো কাজ করেছে। এ কারণে তারা এর কার্যক্রম অব্যাহত রাখার সুপারিশ করেছেন। আমরাও (সরকার) এই ফোরামের কার্যক্রম অব্যাহত রাখবো।"
এমসিসিআই সভাপতি আসিফ চৌধুরী ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/কিউএইচ/এসকে/
bdnews24