ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- দেশের শীর্ষ মোবাইলফোন প্রতিষ্ঠান গ্রামীণফোন তাদের আভ্যন্তরীণ ব্যবস্থাপনায় কিছু পরিবর্তন এনেছে। সোমবার প্রতিষ্ঠানটি এ ঘোষণা দেয়।
নতুন ব্যবস্থাপনায় প্রধান নির্বাহী ওডভার হেশজেডালের পর ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার হিসাবে দায়িত্ব পালন করবেন চিফ ফিন্যানশিয়াল অফিসার আরিফ আল ইসলাম।
এছাড়া টিটুস ড্যান চিফ মার্কেটিং অফিসার, ফ্রড স্টলডাল চিফ টেকনোলজি অফিসার, রুবাবা দৌলা চিফ কমিউনিকেশন অফিসার, রায়হান সামশি চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার এবং আর্নফিন প্রোভেন চিফ হিউম্যান রিসোর্স অফিসার হিসাবে দায়িত্ব পালন করবেন।
আরিফ আল ইসলাম চিফ ফিন্যানশিয়াল অফিসারের পাশাপাশি নতুন দায়িত্ব পালন করবেন। কার্যত তিনি প্রধান নির্বাহীর পরেই দ্বিতীয় প্রধান ব্যক্তি হিসাবে কাজ করবেন।
নতুন চিফ মার্কেটিং অফিসার হয়েছেন রোমানিয়ার নাগরিক টিটুস ড্যান।
শফিকুল ইসলাম হেড অফ ব্রডব্যান্ড প্রজেক্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। ইমাদ আল আমিন সাংগঠনিক বিষয়ে প্রধান নির্বাহী কর্মকর্তার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন কমিউনিকেশন বিভাগের অধীনে থাকবে মার্কেটিং কমিউনিকেশন, পাবলিক রিলেশন্স এবং কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি। এ বিভাগের দায়িত্বে থাকছেন রুবাবা দৌলা। এর আওতায় কর্পোরেট ব্র্যান্ডিংয়ের ওপর বাড়তি জোর দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২৩০০ঘ.
bdnews24