ঢাকা, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশ পরিচালনায় ব্যবসায়ীদের সরকারের সহযোগী হওয়ার আহ্বান জানিয়ে বাণিজ্য মন্ত্রী ফারুক খান বলেছেন, সরকার ব্যবসায়ীদের প্রতি আস্থা রাখতে চায় বলে টিসিবিকে শক্তিশালী করতে চায় না।
বাজারদর নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে বলে তিনি মন্তব্য করেন।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ডিসিসিআই) সভাপতি জাফর ওসমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে মন্ত্রী একথা বলেন।
এ সময় ব্যবসায়ীদের পক্ষ থেকে বাজার পর্যালোচনা ও দর নিয়ন্ত্রণে একটি ব্যবসা গবেষণা পরিষদ প্রতিষ্ঠা, ব্যবসা-বান্ধব পরিবেশ সৃষ্টি এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।
মন্ত্রী ফারুক খান বলেন, "সরকার ব্যবসা নিয়ন্ত্রণ বা রাষ্ট্রীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান টিসিবিকে কার্যকর নয়, বরং ব্যবসায়ীদের সহযোগিতা করতে চায়। কিন্তু ব্যবসায়ীদের জনগণের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালন এবং কম মুনাফা করতে হবে। যাতে দেশের মানুষের কষ্ট না হয়।"
ফারুক খান ডিসিসিআই প্রতিনিধিদের অগ্রাধিকারের ভিত্তিতে করণীয় পাঁচটি সুনির্দিষ্ট বিষয়ের ওপর প্রস্তাব দেওয়ার আহ্বান জানান।
ব্যবসায়ীদের পক্ষ থেকে রোববার ছুটি ঘোষণার দাবি প্রসঙ্গে মন্ত্রী বলেন, "সাপ্তাহিক ছুটি দুদিনই থাকবে। তবে তা কোন কোন দিন হবে, তা নিয়ে সরকার সকলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২০৩২ঘ.
bdnews24