চট্টগ্রাম, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মজিদ জানিয়েছেন আয়কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট) আইন এবং কাস্টমস অ্যাক্ট যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার বিকালে চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে এনবিআর চেয়ারম্যান এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান আইনগুলো ব্রিটিশ আমলে তৈরি হওয়ায় অনেক সমস্যার সমাধান সম্ভব হচ্ছে না। এ কারণে আয়কর ও ভ্যাট এবং কাস্টমস অ্যাক্ট-১৯৬৯ যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
'সময়ের চাহিদা' বিবেচনায় রেখে আইনের ভাষাও পরিবর্তন করা হবে বলে জানান মোহাম্মদ আবদুল মজিদ। তিনি বলেন, শুল্ক কাঠামো সময়োপোযোগী করতে খাতভিত্তিক কমিটি গঠন করে কাজ শুরু হয়েছে। পাশাপাশি কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনেরও তাগিদ দেন তিনি।
আবদুল মজিদ বলেন, আগামী বাজেটে কিছু পণ্যের ওপর শুল্ক পুনর্নির্ধারণের চিন্তাও রাজস্ব বোর্ডের রয়েছে।
চট্টগ্রামে একটি পৃথক বন্ড অফিস স্থাপনের প্রস্তাব অর্থ ও সংস্থাপন মন্ত্রণালয়ে বিবেচনাধীন বলে তিনি উল্লেখ করেন।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও সাংসদ এম এ লতিফ। সভায় উপস্থিত ব্যবসায়ীরা শুল্ক কর্মকর্তাদের হয়রানি বন্ধ এবং ব্যবসা বান্ধব পরিস্থিতি সৃষ্টিতে এনবিআর চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেন।
আগামী বাজেট তৈরির কাজ শুরু করতে ফেব্র"য়ারি থেকে ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা শুরু করা হবে বলে এনবিআর চেয়ারম্যান জানান। তিনি বলেন, বছরের মাঝামাঝি সময়ে যাতে শুল্ক পরিবর্তনের মত কোনো সিদ্ধান্ত না নিতে হয় সেজন্য আগে-ভাগেই সব পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে প্রস্তাবিত বাজেট তৈরি করা হবে।
মতবিনিময় সভায় চট্টগ্রাম শুল্ক কমিশনার মো. শাহ আলম খানসহ উর্ধ্বতন আয়কর কর্মকর্তা, চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ-সভাপতি এম এ ছালাম, সহ-সভাপতি এস এম শফিউল হক, প্রাক্তন সভাপতি প্রকৌশলী আলী আহমেদ, খলিলুর রহমান, পরিচালক এস এম আবু তৈয়ব, সুফী মিজানুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
সভায় চেম্বার সভাপতি এম এ লতিফ বলেন, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে দেশের টেকসই উন্নয়নের স্বার্থে শুল্ক কর্মকর্তাদের ব্যবসায়ীদের বন্ধু হিসেবেই কাজ করতে হবে। তিনি এ জন্য এনবিআর চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২৩২৪ঘ.
bdnews24