ঢাকা ১৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--চলতি বছরেই প্রস্তাবিত স্থায়ী বাণিজ্য মেলার নির্মাণ কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। মন্ত্রী বলেছেন,আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যে এ কাজ শেষ করা হবে।
শনিবার বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে ১৪তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ) ঘুরে দেখার সময় সাংবাদিকদের মন্ত্রী এ কথা বলেন।
ফারুক খান বলেন, "অস্থায়ী স্থানে মেলা আয়োজনের ফলে নানা ধরনের সমস্যা হয়। প্রতি বছর অনেক টাকা খরচ করে অবকাঠামো নির্মাণ করতে হয়। মেলা শেষ হলে আবার তা ভেঙে ফেলতে হয়। এ সব ঝামেলা এড়াতে আমরা স্থায়ী বাণিজ্য মেলা নির্মাণের বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। এ বছরের মধ্যেই আমরা পুরাতন বিমানবন্দরের পাশের খালি জায়গায় স্থায়ী মেলার নির্মাণ কাজ শুরু করবো। দুই থেকে আড়াই বছরের মধ্যে তা শেষ করা হবে।"
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাহাবউল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুরাতন বিমানবন্দরের লেকে মাটি ভরাট করে তার চার পাশের ৪০ একর জমির ওপর এই স্থায়ী বাণিজ্য মেলা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।"
বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে স্থায়ী বাণিজ্য মেলা নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্তকাজ শুরু হয়নি।
বিকেলে বাণিজ্যমন্ত্রী সস্ত্রীক মেলায় যান। কয়েকটি স্টল পরিদর্শন শেষে তিনি মেলা প্রাঙ্গণে স্থাপিত ইপিবি অস্থায়ী সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
প্রতি বছর মেলা থেকে ২০ থেকে ২৫ কোটি টাকার রপ্তানি অর্ডার পাওয়া যায় বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি আরো বলেন, "বিদেশি ক্রেতারা মেলা থেকে আমাদের রপ্তানি পণ্য সম্পর্কে একটি প্রাথমিক ধারণা পায়। এছাড়া আমাদের রপ্তানি পণ্য সম্পর্কেও স্থানীয় ক্রেতারাও একটা ধারণা পায়।"
মেলায় নিম্নমানের পণ্য বিক্রি হওয়া এবং চড়া দামের অভিযোগ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, "এ ধরনের কোনো অভিযোগ আমার কাছে আসেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে। যদি অভিযোগ সত্যি হয়, তাহলে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে ব্যবস্থা নেওয়া হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২০২১ঘ.
bdnews24