ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের তিনজন সিনিয়র ভাইস প্রেসিডেন্টসহ ছয় জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে বাদি হয়ে মামলাটি দায়ের করেন তেজগাঁও এর মেসার্স আশিক কম্পোজিট টেক্সটাইল মিলস এর পরিচালক সিরাজুল হক। মহানগর হাকিম ড. আব্দুল মজিদ অভিযুক্তদের আগামী ৩ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেন।
মামলার অভিযুক্ত আসামিরা হচ্ছেন আল আরাফাহ ব্যাংকের তিনজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এ সামাদ শেখ, মো. আব্দুস সহিদ, মো. শামসুল আলম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আব্দুল মালেক, সিনিয়র অফিসার বদিরউদ্দিন ও মেসার্স রাফিয়া নিটওয়্যার্সের স্বত্তাধিকারী ফিরোজা খানম।
মামলায় বলা হয়েছে, মেসার্স রাফিয়া নিটওয়ার্সের স্বত্তাধিকারী ফিরোজা খানম আশিক কম্পোজিট টেক্সটাইল মিলস থেকে সুুতা কেনার জন্য গত বছরের ২১ জানুয়ারি আল আরাফাহ ইসলামী ব্যাংকে এলসি খোলেন। আশিক কম্পোজিট টেক্সটাইল মিল এলসি মোতাবেক সুতা সরবরাহ করেন। কিন্তু ব্যাংক বাদি কোম্পানির টাকা পরিশোধ করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/২২৪৫ঘ.
bdnews24