২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডিপি বাস্তবায়নের গতি বাড়াতে প্রধানমন্ত্রীর তাগিদ

নতুন সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম বৈঠকে ৮৪৭ কোটি টাকার তিনটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে দুটি নতুন প্রকল্প এবং একটি সংশোধিত প্রকল্প।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2009, 03:51 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, ১৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--নতুন সরকারের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম বৈঠকে ৮৪৭ কোটি টাকার তিনটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে দুটি নতুন প্রকল্প এবং একটি সংশোধিত প্রকল্প। একনেকের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন তরান্বিত করতে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের গতি বাড়াতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের জোর তাগিদ দিয়েছেন। দেশের মানুষের 'আশা-আকাঙ্খার প্রতি সম্মান দেখিয়ে' সময়মতো প্রকল্পের কাজ শেষ করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন তিনি। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান। রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি দপ্তরে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। পরিকল্পনামন্ত্রী বলেন, চলতি ২০০৮-০৯ অর্থ বছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এডিপি বাস্তবায়নের হার সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থ বছরের বাকি ছয় মাস (জানুয়ারি-জুন) 'সর্বোচ্চ শক্তি' নিয়োগ করে এডিপি বাস্তবায়নের গতি বাড়াতে বলেছেন তিনি। এ কে খন্দকার জানান, সচিবদের সঙ্গে প্রথম বৈঠকেও একই কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। পরিকল্পনা মন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রী আমাদের (মন্ত্রী-সচিব) দিক-নির্দেশনা দিয়েছেন, এমনভাবে এডিপি বাস্তবায়নের গতি বাড়াতে হবে যাতে অর্থবছর শেষে এর ৮৫ থেকে ৯০ শতাংশ বাস্তবায়ন হয়। এ জন্য তিনি যতো তাড়াতাড়ি সম্ভব প্রকল্পের কাজ শেষ করতে নির্দেশ দিয়েছেন।" তিনি বলেন, প্রধানমন্ত্রী মন্ত্রণালয়গুলোকে সমন্বয়ের মাধ্যমে এডিপি বাস্তবায়ন তরান্বিত করার নির্দেশ দিয়েছেন। অর্থ বছরের প্রথম ছয় মাসে এডিপি বাস্তবায়নের হার মাত্র ২৪ শতাংশ। বাকি ছয় মাসে ৮৫ থেকে ৯০ শতাংশ বাস্তবায়নের লক্ষ্য অর্জন আদৌ সম্ভব কিনা- এ প্রশ্নের উত্তরে পরিকল্পনামন্ত্রী বলেন, " অর্থ বছরের প্রথমার্ধে এডিপি বাস্তবায়নের হার একটু কমই থাকে। দ্বিতীয়ার্ধে এডিপি বাস্তবায়নের গতি বাড়তে থাকে। প্রধানমন্ত্রী শপথ নেওয়ার পর থেকেই যে গতিতে আমাদের কাজ চালিয়ে যেতে বলছেন সেটা করা সম্ভব হলে ৮৫ থেকে ৯০ শতাংশ এডিপি বাস্তবায়ন অবশ্যই সম্ভব।" তিনি আরো জানান, এডিপি বাস্তবায়নের গতি বাড়াতে সরকার সপ্তাহে একদিন (মঙ্গলবার) একনেক বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে। প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে কোন কোন খাতকে অগ্রাধিকার দেওয়া হবে-এ প্রশ্নের উত্তরে পরিকল্পনামন্ত্রী বলেন, "দেশের বর্তমান প্রেক্ষাপটে অবশ্যই কৃষি খাতকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া ভৌত অবকাঠামো,আর্থ-সামাজিক খাত এবং বিদ্যুৎ ও গ্যাস খাতকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।" চলতি অর্থ বছরের বাজেটে এডিপি'র আকার হচ্ছে ২৬ হাজার কোটি টাকা। আর মোট প্রকল্প সংখ্যা হচ্ছে ৯০৪টি। সদ্য বিদায় নেওয়া তত্ত্বাবধায়ক সরকার এই বাজেট দিয়েছিলেন। একনেক বৈঠকে অনুমোদিত তিনটি প্রকল্পের মধ্যে দুটি নতুন প্রকল্প হচ্ছে, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন ৪৪৪ কোটি টাকা ব্যয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উন্নয়ন প্রকল্প এবং ১৭০ কোটি টাকা ব্যয়ে অভ্যন্তরীণ নৌ-পথের নাব্যতা রক্ষার্থে ২টি ড্রেজার, ক্রেনবোট, ক্রু-হাউজবোট এবং টাগবোটসহ আনুষঙ্গিক সরঞ্জাম সংগ্রহ প্রকল্প। আর সংশোধিত অনুমোদিত প্রকল্পটি হচ্ছে, শিক্ষা মন্ত্রণালয়ের ২৩৩ কোটি টাকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগতমান এবং অবকাঠামোগত উন্নয়ন-প্রথম পর্যায় (সংশোধিত) প্রকল্প। বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২১৫১ঘ.