২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজেলের দাম আরেক দফা কমতে পারে

ডিজেলের দাম আরেক দফা কমানোর ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ডিজেল ও কেরোসিনের দাম একদফা কমানোর সিদ্ধান্তের পরদিন মঙ্গলবার অর্থমন্ত্রী জানিয়েছেন, ডিজেলের দাম আরও কমানো যায় কি-না, সে বিষয়ে সরকার পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2009, 09:18 AM

Updated : 26 Aug 2022, 10:56 AM

ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিজেলের দাম আরেক দফা কমানোর ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ডিজেল ও কেরোসিনের দাম একদফা কমানোর সিদ্ধান্তের পরদিন মঙ্গলবার অর্থমন্ত্রী জানিয়েছেন, ডিজেলের দাম আরও কমানো যায় কি-না, সে বিষয়ে সরকার পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে। সারের দাম পুনর্নির্ধারণের কাজও চলছে বলে জানান তিনি। সোমবার রাতে ডিজেল এবং কেরোসিনের দাম প্রতি লিটারে ২ টাকা করে কমিয়ে ৪৪ টাকা নির্ধারণ করে সরকার। মঙ্গলবার থেকেই এ দাম কার্যকর হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর মুহিত সাংবাদিকদের বলেন, "আন্তর্জাতিক বাজারের সঙ্গে স্থানীয় বাজারের বর্তমান দর তুলনা করলে ডিজেলের দাম হয়তো আরও একটু কমানো যায়। এ বিষয়ে আগামীতে পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।" তিনি বলেন, "আন্তর্জাতিক বাজারে সারের দাম বেশ কমে এলেও দেশে সারের যে মজুদ রয়েছে, তা বেশি দামে কেনা। এ বিষয়টির সঙ্গে সমন্বয় করে সারের দাম পুনর্নির্ধারণ করা হচ্ছে।" মূলত কৃষিকাজে সেচের সুবিধার্থে সরকার চলতি বোরো মৌসুমে জরুরিভিত্তিতে ডিজেলের দাম কমিয়েছে। একই কাজের জন্য সারের মূল্যও পুনর্নির্ধারণ করা হচ্ছে। ডিজেলের দাম আরও কমানো যেত কি-না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, "হয়তো আরও একটু কমানো যেত। কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) এর অবস্থা ভালো হতো না।" তিনি বলেন, "বিপিসি দীর্ঘদিন ধরে মোটা অংকের অর্থ লোকসান দিয়ে আসছে। গত বছরও এই সংস্থাটি ১৫ হাজার কোটি টাকা লোকসান দিয়েছে। আমরা মনে করি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পক্ষে লোকসানের এতো বড় বোঝা বহন করা সমীচীন হবে না। তাই সার্বিক বিষয় বিবেচনায় রেখে ডিজেল ও কেরোসিনের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।" নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে ডিজেলের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার ওই বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান এবং জ্বালানি সচিব মোহম্মদ মহসিন সঙ্গে ডিজেলের মূল্য নির্ধারণের বিষয়ে বৈঠক করেন। এর আগে গত ২২ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার জ্বালানি তেলের দাম হ্রাস করে। ওই সময় প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৪৮ টাকা থেকে কমিয়ে ৪৬ টাকা করা হয়। পেট্রোল ৭৮ টাকা থেকে কমিয়ে ৭৪ এবং অকটেন ৮০ থেকে কমিয়ে ৭৭ টাকা করা হয়। তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর সে বছরের এপ্রিল ও ২০০৮ সালের ৩০ জুন দুই দফা জ্বালানি তেলের দাম বাড়ানোর পর গত ২৬ অক্টোবর প্রথম দাম কমায়। আন্তর্জাতিক বাজারে দাম ব্যাপকভাবে হ্রাস পাওয়াই ছিল দাম কমানোর কারণ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এডি-ইএইচবি/এজে/এমআই/১৫১৯ ঘ.