ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ২ টাকা করে কমিয়েছে সরকার।
মূলত কৃষিকাজে সেচের সুবিধার্থে সরকার বোরো মৌসুম চলাকালে জরুরিভিত্তিতে এ উদ্যোগ নিয়েছে।
সোমবার রাতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিজেল ও কেরোসিনের দাম ৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য সোমবার রাত ১২টা থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই মূল্য বহাল থাকবে।
নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে ডিজেলের দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান এবং জ্বালানি সচিব মোহম্মদ মহসিন সঙ্গে ডিজেলের মূল্য নির্ধারণের বিষয়ে বৈঠক করেন।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম কমানো হয়েছে। সন্ধ্যায় কমিশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কৃষি উপকরণ সহজলভ্য করা আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্র"তি।
এক প্রশ্নের জবাবে এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান বলেন, "এখন দেশে বোরো মৌসুম চলছে। যদি তড়িৎ গতিতে সিদ্ধান্ত না নেই, তাহলে কৃষকরা প্রত্যাশিত সুফল পাবেনা। তাই বিষয়টিকে জরুরি মনে করে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়াই আমাদের কাছে যৌক্তিক মনে হয়েছে।"
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সোমবারই সাংবাদিকদের বলেন, "ডিজেল ও কেরোসিনের দাম পুনর্র্নিধারণ করাতে সরকারকে কোনও ভর্তুকি দিতে হবে না। তবে সারের ক্ষেত্রে ভর্তুকি দিতে হবে। কিন্তু এক্ষেত্রে কিছু করার নেই। কারণ উৎপাদন বাড়াতে হলে সারে ভর্তুকি দিতেই হবে।"
তিনি আরো বলেন, দেশে এ মুহূর্তে পর্যাপ্ত সার মজুদ আছে। ঠিক মতো সরবরাহ করা গেলে সার নিয়ে কোনও সমস্যা হবে না।
এর আগে সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ মন্ত্রিসভার বৈঠকের পর জানিয়েছিলেন আজ-কালের মধ্যেই সার ও ডিজেলের দাম কমানো হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের বলেন, "আজকালের মধ্যেই দাম কমার সম্ভাবনা আছে। প্রধানমন্ত্রী এনার্জি রেগুলেটরি কমিশনের সঙ্গে বসে ডিজেলের মূল্য নির্ধারণ করবেন।"
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরপরই জ্বালানি মন্ত্রণালয় ডিজেল ও কেরোসিনের দাম নির্ধারণের জন্য পেট্রোলিয়াম করপোরেশন থেকে বিইআরসির কাছে প্রস্তাব পাঠিয়ে দেয়।
বিপিসির হিসাব মতে বর্তমানে এ প্রতিষ্ঠানটি দেনার পরিমাণ প্রায় সাড়ে ১৫ হাজার কোটি টাকা। বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পাওনা ২২০ কোটি টাকা। এ প্রেক্ষাপটেই বিপিসি ডিজেল ও কেরোসিনের মূল্য নির্ধারণের জন্য প্রস্তাব দেয়।
বিপিসি ২ টাকা, ৪ টাকা ও ৬ টাকা কমানো-তিনটি মূল্য প্রস্তাব করেছিল।
এর আগে ২২ ডিসেম্বর তত্ত্ববধায়ক সরকার জ্বালানি তেলের দাম হ্রাস করে। ওই সময় প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৪৮ টাকা থেকে কমিয়ে ৪৬ টাকা করা হয়। পেট্রোল ৭৮ টাকা থেকে কমিয়ে ৭৪ এবং অকটেন ৮০ থেকে কমিয়ে ৭৭ টাকা করা হয়।
তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর সেবছরের এপ্রিল ও ২০০৮ সালের ৩০ জুন দুইদফা বাড়ানোর পর গত ২৬ অক্টোবর প্রথম জ্বালানি তেলের দাম কমায়। আন্তর্জাতিক বাজারে দাম ব্যাপকভাবে হ্রাস পাওয়াই ছিল দাম কমানোর কারণ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসআইটি/এসকে/১৯৩২ঘ.
bdnews24