ওয়াশিংটন/হংকং, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- অর্থনৈতিক সঙ্কট নিরসনে বিভিন্ন ব্যাংক ও বীমা প্রতিষ্ঠানকে ৭০০ বিলিয়ন ডলার সাহায্যে বুশ প্রশাসনের প্যাকেজ প্রস্তাব প্রত্যখ্যান করেছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস। এরপরই ইউরোপ ও এশিয়ার শেয়ার বাজারে মঙ্গলবার আবার পতন ঘটেছে।
সরকার গত রোববার জানিয়েছিল প্রস্তাবটির ব্যাপারে কংগ্রেসের মনোভাব ইতিবাচক। সোমবার এশিয়ার অর্থ বাজার খোলার পর আবার যাতে পূর্ব সপ্তাহের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সোমবারের আগেই সাহায্য প্যাকেজটি ঘোষণা দিতে চেয়েছিল সরকার। কিন্তু শেষ পর্যন্তবিলটি প্রত্যাখ্যান করেছে কংগ্রেস সদস্যরা।
সরকার ও আইন প্রণেতাদের মধ্যে কয়েক দিনের আলোচনার পর বিলটি প্রতিনিধি পরিষদে ভোটে তোলা হয়। কিন্তু ২২৮/২০৫ ভোটে বিলটি প্রত্যাখ্যান হয়ে যায়।
রিপাবলিকান দলের প্রায় দুই তৃতীয়াংশ সদস্য এবং ৯৫ জন ডেমোক্র্যাট সদস্য বিলের বিপক্ষে ভোট দেয়।
গত শতকের ৩০ এর দশকের মহামন্দার পর যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভয়াবহ এই আর্থিক সঙ্কট মোকাবেলায় উঠে পড়ে লেগেছে বুশ প্রশাসন। প্রস্তাবটি যাতে পাস হয় সেজন্য জোর তদবির চালিয়ে যাচ্ছেন অর্থমন্ত্রী হেনরি পলসন।
তারল্য সঙ্কটে পড়ে গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রে বহু পুরানো ও বড় কয়েকটি ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান নিজেদের দেউলিয়া ঘোষণা করে। এগুলোর মধ্যে আছে বাজারের শীর্ষ প্রতিষ্ঠান এইআইজি, লেহম্যান, ওয়াশিংটন মিউচ্যুয়াল ইত্যাদি। পরিস্থিতি সামাল দিতে অর্থবাজারে হস্তক্ষেপ করে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেম।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সোমবার বলেছিলেন, আর্থিক সহায়তা প্যাকেজটি যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ভেঙে পড়ার হাত থেকে বাঁচাবে; এই পরিকল্পনা ছাড়া যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা বিপর্যয়কর হতে পারে।
এক লিখিত বিবৃতিতে বুশ বলেন, পরিকল্পনাটি বিশ্ব বাজারে একটি শক্তিশালী ইতিবাচক সংকেত পাঠিয়েছে। নিজেদের অর্থনৈতিক স্থিতিশীলতা ও আত্মবিশ্বাস পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্র তৎপর। তিনি বিলটি কংগ্রেস ও সিনেটে দ্রুত অনুমোদন লাভের আশা প্রকাশ করেছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/১৮৩৬ ঘ.
bdnews24