ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাল্ক (পাইকারী) গ্রাহকদের জন্য বিদ্যুতের দাম ১৬ শতাংশ বাড়ানো হয়েছে। পাইকারি গ্রাহকদের জন্য প্রতি কিলোওয়াট-ঘণ্টা বিদ্যুতের গড় মূল্য ২ টাকা ০৪ পয়সা থেকে বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ টাকা ৩৭ পয়সা ।
সোমবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এ মূল্য বৃদ্ধির ঘোষণা দেয়।
কমিশনের এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুতের নতুন মূল্য হার ১ অক্টোবর থেকেই কার্যকর হবে। তবে পাওয়ার গ্রিড কোম্পানিকে বিদ্যুৎ সঞ্চালনের জন্য বর্তমানে যে 'হুইলিং চার্জ' দেওয়া হচ্ছে তা অপরিবর্তিত থাকবে। বাল্ক বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।
কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান বলেন, "এ দাম বৃদ্ধি যৌক্তিক। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে প্রয়োজনমতো ট্যারিফ দিতে না পারলে প্রত্যাশিত সেবা পাওয়া যাবে না। সব কিছুকে বিবেচনা করেই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।"
তিনি বলেন, পিডিবির সেবার মান উন্নয়নের জন্য কমিশনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী বছরের ১৫ জানুয়ারির মধ্যে এ সংক্রান্ত কর্মসূচি কমিশনের কাছে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান শওকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা ৪১ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করেছিলাম, বিইআরসি ১৬ শতাংশ বাড়িয়েছে। আমরা মনে করি, কমিশন আমাদের প্রস্তাবের যৌক্তিকতা অনুধাবন করেই দাম বাড়িয়েছে।"
পাইকারী গ্রাহকদের দাম বাড়ানোর ঘোষণা দিলেও খুচরা গ্রাহকদের জন্য দাম বাড়ানোর কোনো ঘোষণা দেয়নি কমিশন। তবে পিডিবির বাল্ক গ্রাহকরা জানিয়েছেন খুচরা গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর জন্য দ্রুত কমিশনের কাছে প্রস্তাব পাঠানো হবে।
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আতাউল মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুনেছি বিইআরসি বিদ্যুতের দাম বাড়িয়েছে। এ সংক্রান্ত চিঠি পেলেই আমরা বলতে পারবো খুচরা গ্রাহক পর্যায়ে কতটুকু দাম বাড়াতে হবে। দ্রুততম সময়ে এটা করতে হবে। কারণ এর সঙ্গে বিলের বিষয়টি জড়িত। আমাদেরও বিদ্যুতের দাম বাড়াতে হবে। না হলে টিকে থাকতে পারবো না।"
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান হাবিবুল্লাহ মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিদ্যুতের দাম বাড়াতেই হবে। তবে চেষ্টা করবো যাতে গ্রাহকের ওপর চাপ না পড়ে, ভোগান্তি না হয়। সিস্টেম লস কমিয়ে, ব্যবস্থাপনাগত উন্নতি করে যতটা সম্ভব কম দাম বাড়ানোর চেষ্টা করা হবে।"
বিদ্যুতের নতুন মূল্য অনুসারে, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিকে ১৩২ কেভি'র জন্য ২ টাকা ৪১ পয়সা এবং ৩৩ কেভি'র জন্য ২ টাকা ৪৪ পয়সা করে দিতে হবে।
পল্লী বিদ্যুতায়ন বোর্ড/পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে ১৩২ কেভি'র জন্য ২ টাকা ৪১ পয়সা এবং ৩৩ কেভি'র জন্য ২ টাকা ৩০ পয়সা করে দিতে হবে।
এছাড়া ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি, ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, নর্থওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ও পিডিবির বিভিন্ন বিতরণ অঞ্চল ও ভবিষ্যতে যে আরও নতুন বিতরণ কোম্পানি চালু করা হবে তাদেরকে ১৩২ কিলোভোল্টের জন্য ২ টাকা ৪১ পয়সা এবং ৩৩ কিলোভোল্টের জন্য ২ টাকা ৪৪ পয়সা হারে দাম পরিশোধ করতে হবে।
এর আগে ২০০৭ সালের মার্চ মাসে সর্বশেষ বিদ্যুতের দাম বাড়ায় সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এসকে/১৯২১ঘ.
bdnews24