২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের আগে শেষদিনে পুঁজিবাজারে বিপুল লেনদেন

ঈদের আগে লেনদেনের শেষ দিনে বৃহস্পতিবার টানা ষষ্ঠ দিনের মতো চাঙ্গাভাবে দিনশেষ করে পুঁজিবাজার। ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার ওপর ভর করে এদিন ঢাকার শেয়ার বাজারে লেনদেন সাড়ে চারশ কোটি টাকা ছাড়িয়ে যায়। চট্টগ্রামের বাজারেও লেনদেনের পরিমাণ বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2008, 03:40 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগে লেনদেনের শেষ দিনে বৃহস্পতিবার টানা ষষ্ঠ দিনের মতো চাঙ্গাভাবে দিনশেষ করে পুঁজিবাজার। ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার ওপর ভর করে এদিন ঢাকার শেয়ার বাজারে লেনদেন সাড়ে চারশ কোটি টাকা ছাড়িয়ে যায়। চট্টগ্রামের বাজারেও লেনদেনের পরিমাণ বেড়েছে। মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, এদিন খুচরা ও প্রাতিষ্ঠানিক দুধরনের বিনিয়োগকারীর সক্রিয় অংশগ্রহণে বাজার চাঙ্গা ছিল। দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ৪১ দশমিক ৩৬ পয়েন্ট বা এক দশমিক ৪১ শতাংশ বেড়ে ২৯৬৬ দশমিক ৮১ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৩৪ দশমিক ৬৬ পয়েন্ট বা এক দশমিক ৪০ শতাংশ বেড়ে হয়েছে ২৪৯৮ দশমিক ৪৫ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ৩৩ দশমিক ৪৮ পয়েন্ট বা এক দশমিক ৩৭ শতাংশ বেড়ে ২৪৬৬ দশমিক ১১ পয়েন্ট হয়। দিনশেষে ডিএসইতে ৪৭৯ কোটি টাকার ৩ কোটি ৬৮ লাখ ৭৭ হাজার ৬৫৩টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ১৬৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত ছিল আটটির দাম। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৬৪ কোটি ৯২ লাখ ৩২৩ হাজার টাকার ৭৪ লাখ ৯২ হাজার ৩২৩টি শেয়ার লেনদেন হয়। এই বাজারে ১০৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ২৭টির দাম কমেছে এবং তিনটির দাম অপরিবর্তিত ছিল। সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ১৩৬ দশমিক ৩৫ পয়েন্ট বা এক দশমিক ৫৩ শতাংশ বেড়ে ৮৯৯৬ দশমিক ৬৮ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৯৫ দশমিক ৯৭ পয়েন্ট বা এক দশমিক ৬৫ শতাংশ বেড়ে হয়েছে ৫৮৯২ দশমিক ৭১ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ১১৭ দশমিক ৬৩ পয়েন্ট বা এক দশমিক ৫১ শতাংশ বেড়ে ৭৮৬২ দশমিক ৫২ পয়েন্ট হয়। লেনদেনের তালিকার শীর্ষে থাকা বেক্সিমকো ফার্মার শেয়ারের দাম ৪ দশমিক ৬৭ শতাংশ বেড়ে হয়েছে ১৩৬ টাকা ৫০ পয়সা। সামিট পাওয়ারের শেয়ারের দাম ৯ দশমিক ২৫ শতাংশ বেড়ে ৭৩২ টাকা ২৫ পয়সা হয়। এসিআইয়ের শেয়ারের দাম দশমিক ০১ শতাংশ বেড়ে ৫৮৬ টাকা ৮০ পয়সায় পৌঁছায়। তিতাস গ্যাসের শেয়ারের দাম এক দশমিক ৫৪ শতাংশ কমে ৪৯২ টাকা ৫০ পয়সা হয়। বেক্সিমকোর শেয়ার ৬ দশমিক ৫৮ শতাংশ বেড়ে ২১৫ টাকা ২০ পয়সা হয়েছে। সেরা দশে থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে গ্রামীণ ওয়ান: স্কিম টু, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, ইউনিয়ন ক্যাপিটাল, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও লঙ্কা বাংলা ফিন্যান্সের শেয়ারের দামও বেড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এমএইচবি/২৩৩৩ ঘ.