২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন মাসের মধ্যে 'পুরোপুরি স্বয়ংক্রিয়' হচ্ছে চট্টগ্রাম শুল্ক ভবন

চট্টগ্রাম শুল্ক ভবনে স্বয়ংক্রিয় পদ্ধতিতে শুল্কায়ন প্রক্রিয়ার জটিলতা দূর করার কাজ প্রায় শেষ পর্যায়ে। বর্তমানে আমদানি-রপ্তানিসংক্রান্ত সব ধরনের কাজ স্বয়ংক্রিয় পদ্ধতিতে সম্পন্ন করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2008, 04:18 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম শুল্ক ভবনে স্বয়ংক্রিয় পদ্ধতিতে শুল্কায়ন প্রক্রিয়ার জটিলতা দূর করার কাজ প্রায় শেষ পর্যায়ে। বর্তমানে আমদানি-রপ্তানিসংক্রান্ত সব ধরনের কাজ স্বয়ংক্রিয় পদ্ধতিতে সম্পন্ন করা হচ্ছে। বুধবার চট্টগ্রাম শুল্ক ভবন মিলনায়তনে এ সংক্রান্ত পর্যবক্ষণ কমিটির এক বৈঠকের পর কমিটির আহবায়ক বিগ্রেডিয়ার জেনারেল হাসান নাসির সাংবাদিকদের জানান, আমদানি ও রপ্তানিকারকরা এখন অনলাইনেই তাদের কাজ চালাতে পারছেন। এ ক্ষেত্রে বড় জটিলতাগুলোর সমাধান করা হয়েছে। ছোটখাট ত্র"টি বিচ্যুতিগুলোর সমাধানেরও চেষ্টা চলছে। তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আগামী বৃহস্পতিবার থেকেই ইন্টারনেট নেটওয়ার্কের মাধ্যমে চট্টগ্রাম শুল্ক ভবনের সঙ্গে সরাসরি যুক্ত হবে। এর ফলে এনবিআর কর্মকর্তারা আমদানি-রপ্তানি সংক্রান্ত সব কাজ ঢাকা থেকেই দেখভাল করতে পারবেন। আগামী ৬ অক্টোবর প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বাংলাদশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এ পদ্ধতির উদ্বোধন করবেন। তবে চট্টগ্রাম শুল্ক ভবনে আমদানি-রপ্তানি সংক্রান্ত যাবতীয় কাজ এরই মধ্যে স্বয়ংক্রিয় পদ্ধতিতে করা শুরু হয়েছে। গত ৮ আগস্ট অনলাইনে আমদানি দলিল (আইজিএম) ও রপ্তানি দলিল (ইজিএম) দাখিলের মাধ্যমে এ পদ্ধতিতে শুল্কায়ন প্রক্রিয়ার কাজ শুরু হয়। আগে আমদানি পণ্য খালাসের ক্ষেত্রে মোট ৪২টি ধাপ পেরুতে হলেও স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর পর এখন মাত্র ছয় ধাপে আনুষ্ঠানিকতা সারতে হচ্ছে। একইভাবে রপ্তানির ক্ষেত্রে ১১৬ ধাপের আনুষ্ঠানিকতা নেমে এসছে মাত্র পাঁচ ধাপে। বন্দর ও শুল্ক ভবন ব্যবহারকারী ১৯টি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে এ প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। আইজিএম ও ইজিএম দাখিলের পর বন্দর থেকে মালামাল ছাড় করানো পর্যন্ত সব কাজ এখন অনলাইনেই হচ্ছে। শুধু বন্দরের কন্টেইরার টার্মিনাল ম্যানেজমেন্ট সিস্টেম (সিটিএমএস) এর কার্যক্রম হাতেকলমে (ম্যানুয়ালি) করা হচ্ছে। তিন মাসের মধ্যে সেটিও অনলাইনের আওতায় চলে আসবে। হাসান নাসির বলেন, "স্বয়ংক্রিয় পদ্ধতিতে শুল্কায়ন পুরোদমে চালু হলে শুল্কভবনে অনিয়ম ও দুর্নীতি অনেকটা কমে আসবে।" তিনি জানান, এ পদ্ধতি বাস্তবায়নে ইতোমধ্যে এক কোটি ৬০ লাখ টাকা ব্যয় হয়েছে। আগামী পাঁচ বছর এটির পূর্ণাঙ্গ রূপ দিতে ও ব্যবস্থাপনায় ১৩ কোটি টাকা ব্যয় হবে। এর পুরোটাই বেসরকারি খাত থেকে সংগ্রহ করা হচ্ছে। এ জন্য চট্টগ্রাম চেম্বার ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি আইজিএম বা ইজিএম-এ ৫০ টাকা করে নেবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/জেকে/এমএইচবি/২২০৯ ঘ.