ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের বাজার জমে উঠেছে দেশের বৃহত্তম বিপনি বিতান বসুন্ধরা সিটিতেও। তবে এখানে ব্যবসা কেমন হচ্ছে তা নিয়ে পাওয়া গেছে মিশ্র প্রতিক্রিয়া। কর্তৃপক্ষ গতবারের তুলনায় লোক সমাগম বেশি বলে দাবি করলেও বিক্রেতারা জানিয়েছে, দ্রব্যমূল্যের দৌরাত্ম্যে আগের বছরের তুলনায় এবার তাদের বিক্রি কম।
সাধারনের কাছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম বিপণীবিতান হিসেবে পরিচিত বসুন্ধরা সিটির মহাব্যবস্থাপক (প্রশাসন ও নিরাপত্তা) অবসরপ্রাপ্ত মেজর কামরুল মেহেদী মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গতবছরের তুলনায় এবার ঈদে বসুন্ধরা সিটিতে লোক সমাগম বেড়েছে। এখন কর্মদিবসে প্রতিদিন গড়ে প্রায় দুই লাখ মানুষ আসে। আর শুক্র শনিসহ ছুটির দিনগুলোতে এই সংখ্যা আরও বেড়ে যায়।"
দুই ঈদ ছাড়া অন্য সময়েও গড়ে প্রতিদিন ৫০ হাজার লোক আসে জানিয়ে তিনি বলেন, "দেশে অর্থনৈতিক মন্দা চলছে। এর মধ্যেও তুলনামূলকভাবে ভালো বিক্রি হচ্ছে।"
কেউ যাতে অতিরিক্ত দাম না রাখে সেজন্য তারা বিক্রেতাদের জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেছেন, জানালেন মহাব্যবস্থাপক।
কিন্তু বেচাকেনাটা যারা নিজে করেন সেই দোকানমালিকদের কণ্ঠে প্রায় বরাবরের মতোই ভিন্ন সুর। 'বসুন্ধরা সিটি শপিং মল দোকান মালিক সমিতি'র সভাপতি এম এ হান্নান আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঈদে যেরকম হওয়া উচিৎ সেরকম হচ্ছে না। গতবারের তুলনায় খারাপ।"
তিনি বলেন, "সাধারণ মানুষের ক্ষয়ক্ষমতা কমে যাওয়ায় দোকানের বেচা বিক্রিও কমেছে। লোক আসছে, দরদাম করছে। কিন্তু কিনছে কম।"
বসুন্ধরা সিটিতে বিপণীবিতানের জন্য ব্যবহৃত আটতলায় ২৩২৭ টি দোকানের জায়গা রয়েছে। এরমধ্যে দোকান চালু হয়েছে ১৮৫০ টি।
দোকান বেশি হয়ে যাওয়ায় বিক্রি কম হচ্ছে কী না-এ প্রশ্নের উত্তরে হান্নান আজাদ বলেন, "এটা কোনও কারণ নয়। আসলে মানুষের সাধ আছে, কিন্তু সাধ্য নেই। এবার একজন মানুষ একাধিক শাড়ি বা পাঞ্জাবি কিনছে এরকম আমি খুব কম দেখেছি।"
শহরের স্থানে স্থানে ঈদ উপলক্ষে নানা ধরনের মেলার কারণেও বিপণী বিতানে বিক্রি কমেছে বলে মনে করেন তিনি।
ছোটদের পোশাকের দোকান 'শুকতারা'র বিক্রেতা কবির উদ্দিন সানীর দাবি, ঈদ উপলক্ষে তারা ছয় লাখ টাকার পণ্য কিনেছেন। কিন্তু মঙ্গলবার পর্যন্ত বিক্রি করতে পেরেছেন মাত্র সোয়া লাখ টাকার। বাকিটা ঈদের মধ্যে বিক্রি হবে কীনা তা নিয়ে তার সন্দেহ।
পাঞ্জাবির দোকান 'নজর'-এর মালিকের বক্তব্য গতবছরের তুলনায় বিক্রি ২০ থেকে ২৫ শতাংশ কমেছে। এছাড়া ছেলেদের পোশাকের দোকান 'দর্জিবাড়ী', শাড়ির দোকান 'জ্যোতি', পাদুকার দোকান 'রিসেন্ট সুজ', মণিহারী দোকান 'ইরানি ডিপার্টমেন্টাল স্টোর' সহ বেশ কয়েকটি দোকানের কর্মকর্তা-কর্মচারিরা বলেছেন, গতবারের তুলনায় এবার ঈদে তাদের বিক্রি কমেছে।
তারা বলছেন, গত বছর ঈদ মৌসুমের শুরু থেকেই বেচাকেনা শুরু হয়ে গেলেও এবার বিক্রি বাড়া শুরু হয়েছে ১৫ রোজা চলে যাওয়ার পর।
তবে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের পোশাক বিক্রয়কারী 'মেন্জ ক্লাব'-এর বিক্রয়কর্মী এরফান হোসেন শরীফ জানালেন, গতবারের চেয়ে এবার ঈদে তাদের বিক্রি বেশি।
পাদুকা প্রস্তুতকারী নামী দেশী প্রতিষ্ঠান 'অ্যাপেক্স'-এর স্টোর ব্যবস্থাপক অশোক দেবনাথও বললেন, গতবারের চেয়ে এবার তাদের বিক্রি বেশি। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে শিশু এবং নারীদের জুতা ও স্যান্ডেল।
ঈদের পোশাক কিনতে আসা সাব্বির হাসান বললেন, ঈদে পোশাক কেনার জন্য আগেই হিসেব করে অন্যান্য খরচ তার কমাতে হয়েছে। কারণ, আর কারোর না হলেও ছেলে ও স্ত্রীর নতুন কাপড় কিনতেই হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসকে/১১৪১ঘ.
bdnews24