ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বৈদেশিক মুদ্রা লেনদেন নীতিমালায় বেশ কিছু পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক।
বৈদেশিক মুদ্রা ব্যবস্থা আরও যুগোপযোগী ও সহজ করতে নীতিমালায় এ পরিবর্তন আনা হচ্ছে বলে জানানো হয়েছে।
এখন থেকে সরকারি কোনো কর্মকর্তা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং স্বীকৃত ব্যাংকিং প্রশিক্ষণ ইনস্টিটিউটের অনুষদ সদস্যদের বিদেশে প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণের রেজিস্ট্রেশন ফি বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই অনুমোদিত ডিলারের মাধ্যমে পাঠানো যাবে।
এছাড়া দেশে বিদেশী বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে প্রস্তাবিত কোম্পানির নামে একটি অস্থায়ী অনাবাসী টাকা হিসাব স্থাপনের সুযোগ দেওয়া হয়েছে সংশোধিত নীতিমালায়।
মঙ্গলবার এ সংশোধন ছাড়াও ১৯৯৬ সালের 'গাইডলাইনস ফর ফরেন এক্সচেঞ্জ ট্র্যানজাকশন (জিএফইটি)'-এর আরও কিছু পরিবর্তন এনে একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারটি মঙ্গলবারই বৈদেশিক মুদ্রা লেনদেনের সঙ্গে জড়িত সকল অনুমোদিত ডিলারদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।
বিদেশী বিনিয়োগের ক্ষেত্রে প্রস্তাবিত কোম্পানির অস্থায়ী হিসাব স্থাপন প্রসঙ্গে সার্কুলারে বলা হয়েছে, দেশে বিনিয়োগের উদ্দেশ্যে বিদেশ থেকে পাঠানো অর্থ ব্যাংকে সংরক্ষণ নিয়ে কখনো কখনো সমস্যার সৃষ্টি হয়। প্রস্তাবিত কোম্পানির বাংলাদেশে 'রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ (আরজেএসসি)'তে নিবন্ধনের লক্ষ্যে পাঠানো অর্থের বিপরীতে ব্যাংকের 'এনক্যাশমেন্ট সার্টিফিকেট' প্রয়োজন হয়। এ সার্টিফিকেট ইস্যু করার সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রস্তাবিত কোম্পানির নামে কোনো ব্যাংকে একটি অস্থায়ী অনাবাসী হিসাব খোলা যাবে।
সার্কুলারের অন্যান্য সংশোধনীর মধ্যে রয়েছে, শিক্ষা বা গবেষণা প্রতিষ্ঠানের প্রয়োজনে শিক্ষা বা গবেষণামূলক বিদেশী সাময়িকী ইত্যাদি সংগ্রহের সুবিধার্থে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আবেদনক্রমে অনুমোদিত ডিলাররা বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই 'সাবস্ক্রিপশন ফি' পাঠাতে করতে পারবে।
বিদেশে বাংলাদেশী শিক্ষার্থীদের পড়াশোনার জন্য নিয়মিত কোর্স তথা স্নাতক বা স্নাতকোত্তরের পাশাপাশি পেশাগত ডিপ্লোমা/সার্টিফিকেট কোর্সে পড়ার উদ্দেশ্যেও বৈদেশিক মুদ্রা ছাড় করা যাবে।
বাংলাদেশে ব্যবসারত বিদেশী এয়ারলাইন্স, শিপিং লাইন্স ও কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানগুলোর অনুমোদিত ডিলার ব্যাংক রেমিটেন্স পাঠানোর পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যে এ সংক্রান্ত রিটার্র্ন দাখিল করতে হবে। রেমিটেন্স পাঠানোর রিপোর্টিংয়ের সময়সীমা সুনির্দিষ্ট করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সার্কুলারে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/
bdnews24