ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতন ও বোনাসের দাবিতে রাজধানীতে আবার বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকরা। মঙ্গলবার দুপুরে দুই শতাধিক শ্রমিক উত্তরায় প্রায় আধ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে।
উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা ৩টার দিকে উত্তর খান থানা এলাকার 'রুট ফ্যাশন' নামে একটি তৈরি পোষাক কারখানার দুই শতাধিক শ্রমিক আজমপুর ব্রিজের কাছে প্রধান সড়কে এসে অবস্থান নেয়। ফলে ঢাকা-টঙ্গী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বেতন- বোনাস আদায় করে দেওয়ার আশ্বাস দেওয়া হলে প্রায় আধঘন্টা পর শ্রমিকরা অবরোধ তুলে নেয়। এ সময় কোন ধরণের সহিংসতা ঘটেনি বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কিউএইচ/এসকে/১৯০০ঘ.
bdnews24