২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে তেল-গ্যাস অনুসন্ধান চুক্তি চূড়ান্ত

সাগরে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর এখন প্রধান উপদেষ্টার অনুমোদনের অপেক্ষায়। যোগ্যতা যাচাই বাছাইয়ে দু'টি প্রতিষ্ঠান- যুক্তরাষ্ট্রের কনোকো ফিলিপস ও টাল্লো বাংলাদেশ লিমিটেড এ কাজ পাওয়ার জন্য মনোনীত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2008, 01:44 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগরে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য দুটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর এখন প্রধান উপদেষ্টার অনুমোদনের অপেক্ষায়। যোগ্যতা যাচাই বাছাইয়ে দু'টি প্রতিষ্ঠান- যুক্তরাষ্ট্রের কনোকো ফিলিপস ও টাল্লো বাংলাদেশ লিমিটেড এ কাজ পাওয়ার জন্য মনোনীত হয়েছে। বাংলাদেশে তেল ও গ্যাস অনুসন্ধানের জন্য এটি ছিল তৃতীয় দফা বিডিং। তবে শুধু সাগরে অনুসন্ধানের জন্য প্রথম বিডিং এটি। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টা। সে হিসাবে তার অনুমোদনের জন্য সার সংক্ষেপ পাঠাতে হবে। প্রধান উপদেষ্টার অনুমোদনের পরই নির্ধারিত প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করা হবে।" তিনি বলেন, "মন্ত্রণালয় সারসংক্ষেপ তৈরি করছে। প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন থেকে ফিরে এলেই অনুমোদনের জন্য সারসংক্ষেপ পাঠানো হবে। আশা করছি নির্ধারিত সময়সীমা অনুসারেই আমরা চুক্তি করতে পারব।" এ চুক্তিতে তেল ও গ্যাস রপ্তানির সুযোগ রাখা হয়েছে। পেট্রোবাংলার অনুমোদন সাপেক্ষে এলএনজি (তরল প্রাকৃতিক গ্যাস) হিসাবে গ্যাস রপ্তানি করা যাবে। আর 'অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূরণ করে' তেল রপ্তানি করতে পারবে প্রতিষ্ঠানগুলো। এর আগে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা হলে কমিটি মন্ত্রণালয়কে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছিল। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, যোগ্যতা যাচাইয়ের পর দু'টি প্রতিষ্ঠান- যুক্তরাষ্ট্রের কনোকো ফিলিপস ও টাল্লো বাংলাদেশ লিমিটেড মনোনীত হয়েছে। প্রধান উপদেষ্টার অনুমোদনের পর পেট্রোবাংলা এ দু'টি প্রতিষ্ঠানকে উৎপাদন ও বণ্টন চুক্তি স্বাক্ষরের জন্য আমন্ত্রণ জানাবে। কনকো ফিলিপস গভীর সাগরে ৮টি (১০, ১১, ১২, ১৫, ১৬, ১৭, ২০ ও ২১ নম্বর) ব্লকের জন্য এবং টাল্লো ৫ নম্বর ব্লকের জন্য মনোনীত হয়েছে। 'অফশোর বিডিং' শিরোনামে পেট্রোবাংলা এ বছরের ১৫ ফেব্র"য়ারি গভীর ও অগভীর সমুদ্রের ২৮টি ব্লকের জন্য দরপত্র আহ্বান করে। এর আগে গত ৫ ফেব্র"য়ারি উপদেষ্টা পরিষদ দরপত্র দলিল, উৎপাদন ও বন্টন চুক্তি অনুমোদন করে। গভীর ও অগভীর সমুদ্রের ২৮টি ব্লকের মধ্যে ১৫টি ব্লকের জন্য ২২টি দরপ্রস্তাব জমা পড়ে। দরপত্র জমা দেওয়ার শেষ দিন ৭ মে মাত্র সাতটি কোম্পানি দরপত্র জমা দেয়। কনোকো ফিলিপস ও টাল্লো বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়ার স্যানটোস ইন্টারন্যাশনাল, যুক্তরাষ্ট্র ও চীনের লংউডস রিসোর্স লিমিটেড, কোরিয়া ইন্টারন্যাশনাল অয়েল করপোরেশন, চীনের সিনোক ও যুক্তরাজ্যের কমট্রেক সার্ভিস লিমিটেড দরপত্রে অংশ নেয়। মডেল পিএসসি অনুসারে মনোনীত প্রতিষ্ঠান দু'টির সঙ্গে অনুসন্ধানের জন্য অগভীর সাগরের ব্লকের জন্য চার বছরের এবং গভীর সাগরের ব্লকের জন্য পাঁচ বছরের চুক্তি করা হবে। তবে উভয় ক্ষেত্রে চুক্তির মেয়াদ দুই দফায় দুই বছর করে চার বছর বাড়ানোর বিধান রয়েছে। উন্নয়ন পরিকল্পনা দাখিলের পর গ্যাস ক্ষেত্রের জন্য ২৫ বছর এবং তেল ক্ষেত্রের জন্য ২০ বছরের চুক্তি করা হবে। এটা আরও পাঁচ বছর বাড়ানোর সুযোগ রয়েছে। অসতর্কতা ও অদক্ষতার কারণে কোনো দুর্ঘটনা হলে উত্তোলনকারী আন্তর্জাতিক তেল কোম্পানিকেই (আইওসি) ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া শেয়ার বিক্রির পরিমাণ ৫০ ভাগের বেশি হলে সরকারের অনুমোদন লাগবে। হাই সালফার ফুয়েল অয়েলের (তেল) সর্বনিম্ন মূল্য প্রতিটন ৭০ মার্কিন ডলার ও সর্বোচ্চ মূল্য প্রতিটন ১৮০ মার্কিন ডলার ধরে তার পরিপ্রেক্ষিতে সাগর থেকে তোলা গ্যাসের দাম নির্ধারণ করা হবে। আর স্থলভাগের গ্যাসের দাম হবে হাই সালফার ফুয়েল অয়েলের ৭৫ শতাংশ। অগভীর সমুদ্রের গ্যাসের দাম স্থলভাগের গ্যাসের চেয়ে ২৫ ভাগ বেশি নির্ধারণ করা হয়েছে। প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার ইতিমধ্যে গভীর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান শেষ করে উৎপাদন শুরু করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/টিএইচ/এসকে/১৯৩১ঘ.