ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চীনের বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সরকার তাদের জন্য একটি 'বিশেষ অর্থনৈতিক অঞ্চল' (এক্সক্লুসিভ ইকোনমিক জোন- ইইজেড) স্থাপন করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরী।
চীন সফর শেষে বৃহস্পতিবার দেশে ফেরার পথে হংকং থেকে উপদেষ্টা টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চীনের ব্যবসায়ীদের জন্য একটি ইইজেড স্থাপনের কথা জানিয়েছি আমরা। তারা এ প্রস্তাবে বিশেষ আগ্রহ দেখিয়েছেন। চীনা কর্তৃপক্ষ তাদের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে উৎসাহিত করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।"
তিনি জানান, চীনের পেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, চীনের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের দরজা খোলা রয়েছে এবং তাদের জন্য বিদ্যুৎ, সড়ক, গ্যাস ও অবকাঠামোসহ সব ধরনের সুবিধা নিশ্চিত করা হবে।
তত্ত্বাবধায়ক সরকার ইতোমধ্যে কোরীয় বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রামে এবং প্রবাসী বাংলাদেশীদের জন্য সিলেটে ইইজেড স্থাপনের উদ্যোগ নিয়েছে।
প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীসহ অন্যান্য সফরসঙ্গীরা বৃহস্পতিবার ড্রাগন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশের পথে রওনা হয়েছেন। রাত সাড়ে ১২টার দিকে তাদের জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এমএইচবি/২০৫১ ঘ.
bdnews24