২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই নেত্রীকে আলোচনায় বসাতে ব্যবসায়ীরাও উদ্যোগ নেবে

দেশের দুই প্রধান রাজনৈতিক দলের নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাকে আলোচনার টেবিলে বসাতে ব্যবসায়ীদের পক্ষ থেকেও উদ্যোগ নেয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মহসীনুল করিমকে এই কথা বলেছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক ও সাবেক সভাপতি মীর নাসির হোসেন।(আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2008, 01:31 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের দুই প্রধান রাজনৈতিক দলের নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনাকে আলোচনার টেবিলে বসাতে ব্যবসায়ীদের পক্ষ থেকেও উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি আনিসুল হক ও সাবেক সভাপতি মীর নাসির হোসেন। বুধবার যোগাযোগ মন্ত্রণালয়ে আনিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বলেন, "দেশের দুটি প্রধান রাজনৈতিক দল, বিশেষ করে দুই নেত্রীর মধ্যে সমঝোতার অভাবেই দেশে 'ওয়ান ইলেভেন' এর অবতারণা হয়েছে। আমরা যথাযথভাবে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারিনি। এখন আবারো এর ইঙ্গিত দেখছি। এ নিয়ে আমরা শঙ্কিত।" "আগামীতে কীভাবে দুর্নীতি দমন করা হবে এবং সংসদ কেমন হবে, সে ব্যাপারে শীর্ষ দুই নেত্রীকেই সিদ্ধান্ত নিতে হবে। একমাত্র তারাই পারেন এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে।" দুই নেত্রীকে আলোচনায় আনতে ব্যবসায়ীরা কোনো উদ্যোগ নেবে কি না, এ প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, "আমরা রাজনীতি করতে চাই না। তবে দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। তাই উদ্যোগ নেয়ার ব্যাপারে নিজেদের মধ্যে আলোচনা করছি। প্রয়োজনে আমাদের পক্ষ থেকেও এ ব্যাপারে উদ্যোগ নেয়া হবে।" এক প্রশ্নের জবাবে এফবিসিসিআই সভাপতি বলেন, "আমাদের দুই নেত্রী '৯০ সালে একসঙ্গে বসেছিলেন বলেই অনেক ভাল ফল এসেছে। বাংলাদেশে কয়লা নীতি করার জন্য এখন রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন। গ্যাস সঙ্কট নিয়ে করণীয় নির্ধারণেও রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন। এ জন্যও দুই নেত্রীকে বসতে হবে।" ধানমন্ডিতে নিজের কার্যালয়ে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন বলেন, "আমরাও দুই নেত্রীকে আলোচনায় বসানোর উদ্যোগ নেব। কোনোভাবেই আগের অবস্থায় ফিরে যাওয়া চলবে না। গণতন্ত্রকে সুসংহত করতে দুই নেত্রীকে এক জায়গায় বসতে হবে।" এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বুধবার সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথক সংলাপ শেষে একটি চূড়ান্ত সুপারিশমালা প্রণয়নের পাশাপাশি বিভিন্ন ইস্যুতে ঐক্যমতে পৌঁছতে সরকার সব দলকে নিয়ে একসঙ্গে বসার উদ্যোগ নেবে। তিনি বলেন, "আমরা তো চাই শুধু দুই নেত্রী নয়, সকল রাজনৈতিক দলকে একসঙ্গে বসাতে। এজন্য পৃথক পৃথক সংলাপ শেষে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে। তবে এক্ষেত্রে দলগুলোর আগ্রহকে প্রাধান্য দেওয়া হবে।" এর আগে বিভিন্ন সময় রাজনৈতিক অস্থিরতা দূর করতে এফবিসিসিআইসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে দুই নেত্রীকে আলোচনায় বসানোর উদ্যাগ নেয়া হলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এমএইচবি/১৯২০ ঘ.