ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশকে ব্যাংক ঋণের সুদের হার বাড়ানোর পরামর্শ দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশ ব্যাংককে এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে সংস্থাটি।
দেশে বিনিয়োগ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক যখন ব্যাংক ঋণের সুদের হার কমানোর জন্য ব্যাংকগুলোকে 'নৈতিক চাপ' দিয়ে চলেছে, কিছু ব্যাংক ইতিমধ্যে ব্যাংক ঋণের সুদের হার কমিয়ে আমানত ও ঋণের সুদের হারের মধ্যে ব্যবধান (সেপ্রড) কমিয়ে আনছে- সেই মূহুর্তে এডিবি কেন্দ্রীয় ব্যাংককে এই ব্যবস্থা নিতে বলেছে।
এডিবি'র বার্ষিক প্রকাশনা 'এশিয়ান ডেভলেপমেন্ট আউটলুক ২০০৮ আপডেট '-এ পরামর্শ দেয়া হয়েছে।
ম্যানিলাভিত্তিক সংস্থাটি বলেছে, আগামীতে বাংলাদেশে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই অবস্থা সামাল দিতে বাংলাদেশ ব্যাংক সুদের হার বৃদ্ধি করতে পারে।
সংস্থাটি এ ছাড়াও জ্বালানি তেলের দাম সমন্বয় করার পরামর্শ দিয়ে বলেছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও বাংলাদেশ এখনও ডিজেল ও কেরোসিনে ভতুর্কি দিয়ে যাচ্ছে। ভবিষ্যতে তেলের দাম আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ তেলের মূল্য নির্ধারণে একটি স্বয়ংক্রিয় পদ্ধতির সূচনা করতে পারে।
বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশে মঙ্গলবার একযোগে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। শেরে বাংলা নগরে এডিবি'র ঢাকা অফিসে প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রতিবেদন সম্পর্কে সূচনা বক্তব্য রাখেন বাংলাদেশে এডিবি'র নতুন আবাসিক প্রতিনিধি পল জে হেইটেন্স।
প্রতিবেদনের বাংলাদেশ অংশের বিভিন্ন দিক ব্যাখ্যা করেন এডিবি'র সিনিয়র অর্থনীতিবিদ জাহিদ হোসেন।
প্রতিবেদনে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে জাহিদ হোসেন বলেন, একাধিক প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও গত ২০০৭-২০০৮ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি ভালো করেছে। ফলে বছর শেষে মোট দেশজ উৎপাদন বা জিডিপি'র প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ২ শতাংশ। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি ২০০৮-২০০৯ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশে উন্নীত হবে।
আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন ও তার ফলাফল নিয়ে অনিশ্চয়তা থাকলেও ধরে নেয়া যায় নির্বাচনের আগে ও পরে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা (মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ) বজায় থাকবে। সে পরিস্থিতিতে প্রতিবেদনে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে ও বার্ষিক উন্নয়ন কর্মসূিচ (এডিপি) বাস্তবায়ন ত্বরান্বিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং বেসরকারি বিনিয়োগকে উৎসাহ দেওয়ার কথা বলা হয়েছে।
প্রতিবেদনে বাংলাদেশের জন্য তেলের মূল্য বৃদ্ধি, রাজনৈতিক অনিশ্চয়তা ও প্রকৃতিক দুর্যোগ- এই তিনটি ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।
সুদের হার বৃদ্ধি করা হলে বেসরকারিখাতের প্রবৃদ্ধি ব্যহত হবে কীনা বা স
bdnews24