২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম জাতীয় আয়কর দিবসে ৩১৬ জন করদাতা পুরস্কৃত

সারা দেশের ৩১৬ জন করদাতাকে পুরস্কৃত করার মধ্য দিয়ে সোমবার প্রথমবারের মতো দেশে 'জাতীয় আয়কর দিবস' পালিত হচ্ছে। এখন থেকে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর জাতীয় আয়কর দিবস হিসেবে পালিত হবে। লক্ষ্যণীয় বিষয়, পুরস্কৃত শীর্ষ করদাতাদের মধ্যে কেবল স্কয়ার গ্র"পের স্যামসন চৌধুরী ও রংপুরের ব্যবসায়ী রহিম উদ্দিন মিয়া ভরসা ছাড়া দেশব্যাপী ব্যাপকভাবে পরিচিত আর কেউ নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2008, 10:42 AM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারা দেশের ৩১৬ জন করদাতাকে পুরস্কৃত করার মধ্য দিয়ে সোমবার প্রথমবারের মতো দেশে 'জাতীয় আয়কর দিবস' পালিত হচ্ছে। এখন থেকে প্রতি বছর ১৫ সেপ্টেম্বর জাতীয় আয়কর দিবস হিসেবে পালিত হবে। লক্ষ্যণীয় বিষয়, পুরস্কৃত শীর্ষ করদাতাদের মধ্যে কেবল স্কয়ার গ্র"পের স্যামসন চৌধুরী ও রংপুরের ব্যবসায়ী রহিম উদ্দিন মিয়া ভরসা ছাড়া দেশব্যাপী ব্যাপকভাবে পরিচিত আর কেউ নেই। সোমবার সকালে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিবসটি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি জরুরি চীন সফরে চলে যাওয়ায় অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বাণী পড়া হয়। অর্থ উপদেষ্টা অনুষ্ঠানে বলেন, "বাংলাদেশকে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল দেশ হিসেবে গড়ে তুলতে হলে অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের দিকে গুরুত্ব দিতে হবে। আর এ জন্য যাদের সামর্থ আছে তাদের স্বপ্রণোদিত হয়ে কর দিতে এগিয়ে আসতে হবে। অন্যদিকে কর প্রশাসনকেও দক্ষতা, স্বচ্ছতা ও সততার সঙ্গে রাজস্ব আহরণ করতে হবে।" রাজস্ব আদায় বাড়াতে চলতি ২০০৮-০৯ অর্থ বছরের বাজেটে কর সংক্রান্ত অনেক আইন সহজ করার কথা উল্লেখ করেন উপদেষ্টা। তিনি বলেন, কর কর্মকর্তাদের ঐচ্ছিক ক্ষমতা কমানো হয়েছে। রাজস্ব বোর্ড করদাতাদের স্বপ্রণোদিত হয়ে কর প্রদানে উৎসাহিত করতে সচেতনতামূলক নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। এ সব পদক্ষেপ রাজস্ব আদায়ে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিশ্বব্যাপী শুল্ক কর কমে আসায় আমাদের এখন আয়করের দিকেই বেশি গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেন আজিজুল ইসলাম। এনবিআর চেয়ারম্যান সামর্থবানদের স্ব^প্রণোদিত হয়ে কর দিতে এগিয়ে আসায় উৎসাহ দিতে পুরস্কৃত করদাতাদের অনুরোধ জানান। অনুষ্ঠানে পুরস্কৃত করদাতাদের মধ্যে রাজশাহী বিভাগের সবচেয়ে পুরোনো করদাতা হিসেবে পাবনা জেলার করদাতা স্কয়ার গ্র"পের চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরী ও জেলা পর্যায়ের সর্বোচ্চ করদাতা হিসেবে রংপুরের ব্যবসায়ী রহিম উদ্দিন মিয়া ভরসা বক্তব্য দেন। এনবিআর কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে প্রতি জেলার পাঁচজন করে মোট ৩২০ জনকে পুরস্কৃত করার কথা ছিল। কিন্তু খাগড়াছড়ি, ভোলা ও পিরোজপুর জেলায় দীর্ঘমেয়াদী করদাতার শর্ত পূরণ না হওয়ায় ৩১৬ জনকে পুরস্কৃত করা হয়। দীর্ঘমেয়াদী করদাতার পুরস্কারের শর্ত হিসেবে ন্যূনতম ১৫ বছর ধরে কর দেওয়ার শর্ত দেওয়া হয়েছিল। মহানগর এলাকা (সিটি করপোরেশন) ছাড়া দেশের ৬৪টি প্রশাসনিক জেলার তিনজন সর্বোচ্চ ও দু'জন দীর্ঘ সময় ধরে করপ্রদানকারীকে এ পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে ৩১৬ জনের প্রত্যেককে একটি ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়। পুরস্কৃতরা স্থানীয় পর্যায়ে সিআইপি সম্মান পাবেন। এনবিআরের তথ্য অনুযায়ী, রহিম উদ্দিন ভরসা গত ২০০৭-০৮ অর্থ বছরে ব্যক্তিগতভাবে এক কোটি ৩৮ লাখ টাকার কর দিয়ে রাজশাহী বিভাগের সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন। ৭৩ লাখ টাকা কর দিয়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ করদাতার সম্মান পেয়েছেন ইউনুস আলী। ৬২ লাখ টাকা কর দিয়ে খুলনার কাজী মাজহারুল হক, ৫৪ লাখ টাকা দিয়ে চট্টগ্রামের মশিউর রহমান চৌধুরী, ৫২ লাখ টাকা দিয়ে সিলেটের জালালউদ্দিন এবং ৪৪ লাখ টাকা কর দিয়ে বরিশালের মনিরুল ইসলাম সর্বোচ্চ করদাতা নির্বাচিত হয়েছেন। এছাড়া ছয় বিভাগের দীর্ঘ সময় ধরে করদাতাদের মধ্যে শীর্ষ ছয় জন হলেন রাজশাহী বিভাগের স্যামসন এইচ চৌধুরী, ঢাকা বিভাগে সাইদুল ইসলাম, চট্টগ্রামে নেয়ামত উল্ল্যাহ, খুলনায় খন্দকার সাখাওয়াত হোসেন, সিলেটের আবদুল হামিদ মিয়া এবং বরিশাল বিভাগের আকতার-উজ্জামান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/১৬২৪ঘ.