২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'১০০ দিনের কর্মসৃজন' প্রকল্প সোমবার শুরু

বেকার ভাতা দেওয়ার বিধান রেখে সরকারের '১০০ দিনের কর্মসৃজন' কর্মসূচি সোমবার শুরু হচ্ছে। দুই হাজার কোটি টাকার এই প্রকল্প দুই ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ে সোমবার থেকে নভেম্বর পর্যন্ত ৬০ দিন এবং দ্বিতীয় পর্যায়ে আগামী বছরের মার্চ থেকে এপ্রিল পর্যন্ত ৪০ দিন এ প্রকল্প চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2008, 12:36 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, ১৩ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেকার ভাতা দেওয়ার বিধান রেখে সরকারের '১০০ দিনের কর্মসৃজন' কর্মসূচি সোমবার শুরু হচ্ছে। দুই হাজার কোটি টাকার এই প্রকল্প দুই ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম পর্যায়ে সোমবার থেকে নভেম্বর পর্যন্ত ৬০ দিন এবং দ্বিতীয় পর্যায়ে আগামী বছরের মার্চ থেকে এপ্রিল পর্যন্ত ৪০ দিন এ প্রকল্প চলবে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বন্যা কবলিত কয়েকটি এলাকা ছাড়া সোমবার থেকে সারাদেশে কর্মসূচির প্রথম পর্যায় শুরু হচ্ছে। ইতেমধ্যে সব প্রস্তুতি শেষ করা হয়েছে।" চলতি অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে ১০০ দিনের এ কর্মসূচির জন্য দুই হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়। গত ১৪ আগস্ট এ কর্মসূচির নীতিমালা চূড়ান্ত করা হয়। নীতিমালা অনুযায়ী, কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলার ২০ লাখ লোকের জন্য স্থানীয় উদ্যোগে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নদী ভাঙ্গন, মঙ্গা কবলিত এলাকা, হাওর-বাওর-চর এলাকাগুলোকে অগ্রাধিকার দেয়া হবে। আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৫০এর মধ্যে। নারী পুরুষ নির্বিশেষে প্রতি পরিবার থেকে একজন কাজ পাওয়ার যোগ্য বিবেচিত হবেন। সরকারের সামাজিক নিরাপত্তামূলক অন্য কোন কর্মসূচিতে জড়িত কেউ এর আওতাভুক্ত হবেন না। একই পরিবারের একাধিক ব্যক্তি এ কর্মসূচির অন্তর্ভুক্ত হতে পারবে না। এ কর্মসূচির আওতায় একজন শ্রমিককে প্রতিদিন ১০০ টাকা হারে মজুরি দেওয়া হবে। নাম নিবন্ধনের ১৫ দিনের মধ্যে যাদের কাজ দেওয়া যাবে না তাদের প্রথম ৩০ দিনের জন্য ৪০ টাকা (প্রতিদিন) এবং বাকি ৭০ দিন ৫০ টাকা করে প্রতিদিন দেওয়া হবে। সচিব বলেন, "টি আর (টেস্ট রিলিফ) ও কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) কর্মসূচির কাজের সঙ্গে এ কর্মসূচির মিল আছে। মূলত কৃষি উৎপাদন বৃদ্ধির সঙ্গে সম্পৃক্ত কাজগুলোই এর মাধ্যমে বাস্তবায়ন করা হবে।" এছাড়া জৈব সার তৈরি, পুকুর খনন, নালা তৈরি, বন্যা প্রতিরোধে বেড়ি বাঁধ নির্মাণ ও গ্রামাঞ্চলে রাস্তাঘাট নির্মাণের মতো কাজেও নিবন্ধিতদের সম্পৃক্ত করা হবে বলে জানান তিনি। '১০০ দিনের কর্মসৃজন' কর্মসূচিকে স্বাগত জানিয়ে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএসের) গবেষণা পরিচালক ড. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা অবশ্যই ভালো উদ্যোগ। ভারতে এই ধরনের একটি প্রকল্প খুবই সাফল্যের সঙ্গে বাস্তবায়ন হয়েছে।" তিনি বলেন, "মধ্য সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত কৃষকদের খুব একটা কাজ থাকে না। এ সময় কাজ দিতে পারলে খুবই ভালো হয়।" তবে কর্মসূচির প্রথম পর্যায়ের ৪০ দিনে জৈব সার তৈরি, পুকুর খনন, নালা কাটা বা রাস্তাঘাট নির্মাণের মতো কাজ কতটুকু লাভজনক হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন আসাদুজ্জামান। নীতিমালা অনুযায়ী, প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে থাকবে ইউনিয়ন পরিষদ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। কাজের তদারকি করবে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। তবে সার্বিক তত্ত্বাবধায়নে থাকবে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে গঠিত স্টিয়ারিং কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/জিএনএ/১৮৩০ ঘ.