২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কার ব্যবসা ক্ষেত্রে সুফল দিতে শুরু করেছে: বিশ্ব ব্যাংক

সংস্কারের কারণে প্রক্রিয়াগত জটিলতা কমে আসায় বাংলাদেশে ব্যবসা শুরুর ক্ষেত্রে প্রাথমিক খরচ প্রায় অর্ধেক কমে গেছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। বুধবার বিকেলে বিশ্বব্যাংকের ঢাকা, কলম্বো, ইসলামাবাদ ও ওয়াশিংটন কার্যালয় থেকে ' ডুয়িং বিজনেস রিপোর্ট ২০০৯' শীর্ষক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। এ প্রতিবেদন অনুযায়ী, বাণিজ্য বান্ধব পরিস্থিতি ও সুযোগ-সুবিধার বিচারে বিশ্বের ১৮১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১০ তম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2008, 03:18 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংস্কারের কারণে প্রক্রিয়াগত জটিলতা কমে আসায় বাংলাদেশে ব্যবসা শুরুর ক্ষেত্রে প্রাথমিক খরচ প্রায় অর্ধেক কমে গেছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক। বুধবার বিকেলে বিশ্বব্যাংকের ঢাকা, কলম্বো, ইসলামাবাদ ও ওয়াশিংটন কার্যালয় থেকে ' ডুয়িং বিজনেস রিপোর্ট ২০০৯' শীর্ষক বার্ষিক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। এ প্রতিবেদন অনুযায়ী, বাণিজ্য বান্ধব পরিস্থিতি ও সুযোগ-সুবিধার বিচারে বিশ্বের ১৮১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১০ তম। এ তালিকার প্রথম পাঁচটি দেশ হলো- নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, হংকং (চীন), ডেনমার্ক ও যুক্তরাজ্য। বিশ্ব ব্যাংকের পর্যবেক্ষণে বলা হয়েছে, গত এক বছরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল বাংলাদেশেই জমি ও ব্যবসায়ী প্রতিষ্ঠান নিবন্ধন ব্যবস্থায় সংস্কার করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মিউনিসিপ্যাল ভূমি নিবন্ধন কার্যালয়ের কার্যপদ্ধতি সংস্কার করায় জমি নিবন্ধনের জন্য এখন আগের তুলনায় অর্ধেক সময় লাগে। এছাড়া নতুন কোম্পানি নিবন্ধনের ক্ষেত্রে আইনজীবী নিয়োগের বাধ্যবাধকতা তুলে নেওয়ায় ব্যবসা শুরুর খরচ গড়ে ১০০ ডলার কমে এসেছে। কর দেওয়ার প্রক্রিয়া সহজ করায় এ কাজে এখন আগের তুলনায় ২৫ ভাগ সময় বাঁচে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেকটর জাহিদ হোসাইন বলেন, দেশের বাণিজ্য পরিস্থিতির আরও উন্নয়নে সরকারের হাতে নেওয়া সংস্কার কর্মসূচিগুলো দ্রুত শেষ করতে হবে। বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, অঞ্চলভিত্তিক হিসেবে পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার ৯০ ভাগ দেশ সংস্কার কাজে সবচেয়ে বেশি এগিয়ে আছে। ব্যবসায়িক পরিবেশের উন্নয়নের ক্ষেত্রে গত চার বছর এ দুটো অঞ্চলেই সবচেয়ে বেশি সংস্কার হয়েছে। ঋণ বিতরণ প্রক্রিয়া সহজ করার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে আছে চীন। একটি দেশে ব্যবসা শুরু ও পরিচালনার জন্য প্রয়োজনীয় খরচ ও সময় পরিমাপ করে বিশ্বব্যাংক এ প্রতিবেদন তৈরি করে থাকে। এ ক্ষেত্রে অর্থনীতির দশটি সূচক ব্যবহার করা হয়েছে। তবে অর্থনৈতিক নীতি, অবকাঠামো, মুদ্রা পরিস্থিতি, ও অপরাধ প্রবণতার মতো বিষয়গুলো এ প্রতিবেদন তৈরির ক্ষেত্রে বিবেচনায় আনা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/জেকে/এসকে/২১১৪ঘ.