ঢাকা, সেপ্টেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ায় তিন দিনের দরপতন কাটিয়ে রোববার কিছুটা চঙ্গাভাবে সপ্তাহ শুরু করেছে দেশের পুঁজিবাজার। দুই বাজারেই লেনদেন বেড়েছে। সাধারণ সুচক বাড়লেও দুই বাজারেই ভালো মানের (ব্লুচিপ) শেয়ার সূচক কমেছে।
মধ্যস্ততাকারী প্রতিষ্ঠান আইডিএলসি'র এক কর্মকর্তা বলেন, "ঈদের আগে আগে খুচরা বিনিয়োগকারীরা আবার বাজারে ফিরে আসছেন বলে মনে হচ্ছে।"
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২১ দশমিক ০৬ পয়েন্ট বা দশমিক ৭৫ শতাংশ বেড়ে ২৮২৪ দশমিক ০৩ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৬ দশমিক ৪০ পয়েন্ট বা দশমিক ২৬ শতাংশ বেড়ে হয়েছে ২৪০৪ দশমিক ১৫ পয়েন্ট। তবে ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক এক দশমিক ৬১ পয়েন্ট বা দশমিক ০৬ শতাংশ কমে ২৪০৭ দশমিক ৩৮ পয়েন্ট হয়।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩০৪ কোটি টাকার এক কোটি ৮৯ লাখ ৮৯ হাজার ৪০০টি শেয়ার লেনদেন হয়। ডিএসইতে ১০৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত ছিল ১০টির দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৭ কোটি ৭৯ লাখ ৯০ হাজার টাকার ৩৪ লাখ ৮২ হাজার ২৮০টি শেয়ার লেনদেন হয়। এ বাজারে ৬৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৬০টির দাম কমেছে এবং ছয়টির দাম অপরিবর্তিত ছিল।
সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৯ দশমিক ৭৩ পয়েন্ট বা দশমিক ১১ শতাংশ বেড়ে ৮৬৬৫ দশমিক ৬৪ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৭ দশমিক ৬৪ পয়েন্ট বা দশমিক ১৩ শতাংশ বেড়ে হয়েছে ৫৬৫৭ দশমিক ৬১ পয়েন্ট। সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৬২ দশমিক ৬২ পয়েন্ট বা দশমিক ৮০ শতাংশ কমে ৭৬৮৬ দশমিক ২৬ পয়েন্ট হয়।
ডিএসইতে লেনদেনের তালিকার শীর্ষে থাকা তিতাস গ্যাসের শেয়ারের দাম ২ দশমিক ৯৬ শতাংশ বেড়ে হয়েছে ৪৬৮ টাকা ৫০ পয়সা।
এসিআইয়ের শেয়ারের দাম ৩ দশমিক ৫৯ শতাংশ বেড়ে ৫৩৭ টাকা ৩০ পয়সা হয়। বেক্সিমকোর শেয়ারের দাম ১০ দশমিক ৭১ শতাংশ বেড়ে ১৩৫ টাকা ৪০ পয়সায় পৌঁছায়। আইসিবি এএমসিএল দ্বিতীয় এনআরবি মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম ১১ দশমিক ৪৮ শতাংশ বেড়ে ১৯৯ টাকা হয়। গ্রামীণ ওয়ান:স্কিম টু'র শেয়ার ৭ দশমিক ১৯ শতাংশ বেড়ে ৪৩ টাকা ২০ পয়সা হয়েছে।
সেরা দশে থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে এস আলম কোল্ড রোলড স্টিলস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, লঙ্কাবাংলা ফিন্যান্স, প্রগতি ইন্সুরেন্স ও এবি ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/জেকে/২০১৭ ঘ.
bdnews24