ঢাকা, ০৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে বাতিল করার কারণ খতিয়ে দেখতে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি প্রতিবেদন জমা দিয়েছে।
মন্ত্রিপরিষদ সচিবের কাছে বৃহস্পতিবার প্রতিবেদনটি জমা দেয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কমিটির সদস্য পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য (ভৌত অবকাঠামো) ও বর্তমানে স্বাস্থ্য সচিব এ এম এম নাসিরউদ্দিন ।
প্রতিবেদনের বিষয় জানাতে অস্বীকৃতি জানিয়ে নাসিরউদ্দিন বলেন, "এটা শুধু বলা যেতে পারে, প্রতিবেদনে শুধু ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক নয়, এ ধরনের বড় সব প্রকল্পের কাজে যাতে বার বার টেন্ডার আহ্বান করতে না হয় সে ব্যাপারে বেশ কিছু সুপারিশ করা হয়েছে।"
সুপারিশগুলো বাস্তবায়িত হলে প্রকল্পের কাজে টেন্ডারসংক্রান্ত জটিলতা অনেকাংশে কমবে জানান তিনি।
বহুল আলোচিত ও জনগুরুত্বপূর্ণ এই প্রকল্পটির টেন্ডার প্রক্রিয়ার একেবারে শেষ পর্যায়ে গত ৭ জুলাই যোগাযোগ মন্ত্রণালয় হঠাৎ করে সেটি নতুন করে শুরু করতে সড়ক ও জনপথ অধিদপ্তরকে নির্দেশ দেয়।
যোগাযোগ মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গত ২১ জুলাই হাইকোর্ট বিভাগে রিট মামলা দায়ের করা হয়। হাইকোর্ট এরপর যোগাযোগ সচিবসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে কারণ দর্শাতে বলে।
এর পর টেন্ডার প্রক্রিয়া বাতিল করার কারণ খতিয়ে দেখতে সরকার দুই সদস্যের কমিটি করে। কমিটির অন্য সদস্য হলেন, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব আবদুস সোবহান সিকদার।
সাবেক চারদলীয় জোট সরকারের আমলে দাউদকান্দি থেকে চট্টগ্রাম পর্যন্ত অংশ চার লেনে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়। এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১ হাজার ৭৫০ কোটি টাকা।
২০০৬ সালে একবার এ প্রকল্পের জন্য টেন্ডার আহবান করা হয়। কিন্তু তখন টেন্ডার নিয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠলে তা বাতিল হয়েছিল।
এর পর বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর গত ৩০ জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) প্রকল্পটি নতুন করে অনুমোদন করে। এ সময় সবমিলিয়ে প্রকল্পের ব্যয় ধরা হয় দুই হাজার ১৬৮ কোটি ৩৮ লাখ টাকা।
প্রাক-যোগ্যতা অনুযায়ী ১০টি ঠিকাদারি প্রতিষ্ঠান টেন্ডারে অংশ নেয়। এর মধ্যে সর্বনিম্ন দরদাতা হিসেবে ১০টি ভাগে কাজ করার জন্য ৯টি প্রতিষ্ঠানকে বিজয়ী ঘোষণা করা হলেও পরে টেন্ডার প্রক্রিয়া বাতিল হয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসএনডি/এমএইচবি/২১৩৬ ঘ.
bdnews24