২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনের শেয়ার এবছর নাও আসতে পারে

মোবাইল ফোন পরিচালনাকারী দেশের বৃহত্তম প্রতিষ্ঠান গ্রামীণফোনের শেয়ার চলতি বছর বাজারে নাও আসতে পারে। শেয়ার বাজারে আসার জন্য প্রয়োজনীয় বিস্তারিত তথ্য কোম্পানিটি এখনও সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দেয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2008, 02:27 PM

Updated : 26 Aug 2022, 02:20 PM

ঢাকা, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোন পরিচালনাকারী দেশের বৃহত্তম প্রতিষ্ঠান গ্রামীণফোনের শেয়ার চলতি বছর বাজারে নাও আসতে পারে। শেয়ার বাজারে আসার জন্য প্রয়োজনীয় বিস্তারিত তথ্য কোম্পানিটি এখনও সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনে জমা দেয়নি। কমিশনের চেয়ারম্যান ফারুক আহমাদ সিদ্দিকী শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গ্রামীণফোন এখনও বিস্তারিত তথ্য দেয়নি। তারা যে সব কাগজপত্র কমিশনকে দিয়েছে তাতে অনেক তথ্যই নেই। আমরা বিস্তারিত তথ্য চেয়েছি।" তিনি জানান, বিস্তারিত তথ্য পাওয়ার পর তা যাচাইবাছাই করা হবে। চেয়ারম্যান বলেন "আরও বিভিন্ন প্রক্রিয়া শেষ করে গ্রামীণের শেয়ার এ বছর নাগাদ বাজারে আসবে কিনা সন্দেহ আছে।" কোনভাবেই ডিসেম্বর-জানুয়ারির আগে কোম্পানিটির শেয়ার বাজারে আসা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন। গ্রামীণফোনের ৬২ শতাংশ অংশের মালিক নরওয়ের কোম্পানি টেলিনর বছরের শুরুর দিকে বলেছিল, গ্রামীণফোনকে তারা এ বছরের শেষ দিকে শেয়ার বাজারে তালিকাভুক্ত করবে। বিটিআরসির পক্ষ থেকে জুন মাসের মধ্যেই প্রতিষ্ঠানটির শেয়ার স্থানীয় বাজারে ছাড়ার কার্যক্রম সম্পন্ন করার জন্য বলা হয়। কোম্পানির মালিকানা নিয়ে দ্বন্দ্ব এবং বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বিটিআরসির মামলা করা প্রসঙ্গে সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান বলেন, "এটা টেলিনর ও গ্রামীণ টেলিকমের বিষয়। তবে কোন কিছুই গোপন রাখা হবে না। সব বিষয়েই যাচাইবাছাই করা হবে।" গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূস শুক্রবার নরওয়ের রাজধানী অসলোতে এক সংবাদ বিফিংয়ে টেলিনরের বিরুদ্ধে মামলা করার ইঙ্গিত দেন। আগের দিন তিনি টেলিনরের প্রধান নির্বাহী এরিখ বাকসাসের সঙ্গে বৈঠক করেন। এ রকম পরিস্থিতিতে টেলিনরের মুখপাত্র ডাগ মেলগার্ড বার্তা সংস্থা রয়টার্সকে শনিবার বলেছেন, "এ মুহূর্তে বাজারে শেয়ার আসাটা খানিকটা অনিশ্চিত হয়ে পড়েছে।" তবে তিনি এ বছরের শেষে বা আগামী বছর শুরুতে শেয়ার বাজারে আসার আশা এখনো জিইয়ে রেখেছেন। ড. ইউনূস অসলোতে অভিযোগ করেন, ১৯৯৬ সালের চুক্তি অনুসারে টেলিনর গ্রামীণফোনের পুরো নিয়ন্ত্রণ এখনো গ্রামীণ টেলিকমের হাতে দেয়নি। এ অভিযোগের পরিপ্রক্ষিতে টেলিনরের পক্ষ থেকে বলা হয়েছে, এ চুক্তি এখন অকার্যকর। গ্রামীণফোনের ব্যবস্থাপনা কর্তৃত্ব নিয়ে টেলিনর ও গ্রামীণ টেলিকমের দ্বন্দ্ব; অবৈধ ভিওআইপি সংযোগের জন্য গ্রামীণফোনকে দু'দফায় বিটিআরসির ৪১০ কোটি টাকা জরিমানা এবং বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা; গ্রামীণফোনের ঠিকাদারদের শিশুশ্রম ব্যবহার ও কর্মক্ষেত্রের অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সমালোচনার মধ্যে পড়েছে প্রতিষ্ঠানটি। বিটিআরসির হিসাব অনুসারে জুলাই নাগাদ ২ কোটি ৮৪ লাখ গ্রাহক নিয়ে মোবাইল ফোন অপারেটরদের মধ্যে শীর্ষে আছে গ্রামীণফোন। বিডিনিউজ টোয়েন্টিফোন ডটকম/এমআরএফ/এমএইচবি/২০০৭ ঘ.