ঢাকা, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিনিয়োগকারীদের শেয়ার ছেড়ে দেওয়ার ঝোঁকে মঙ্গলবার দেশের দুই পুঁজিবাজারেই দরপতন হয়েছে। ঢাকা শেয়ার বাজারের সাধারণ ও সার্বিক সূচক সামান্য বাড়লেও ভালো মানের (ব্লুচিপ) শেয়ারের সূচক নেমেছে; চট্টগ্রাম বাজারে সব শেয়ার সূচক নেমে গেছে।
দুই বাজারেই আগের দিনের তুলনায় লেনদেন কমেছে।
দিনশেষে ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ১০ দশমিক ৬১ পয়েন্ট বা দশমিক ৩৭ শতাংশ বেড়ে ২৮৩১ দশমিক ৪০ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ৮ দশমিক ৫৭ পয়েন্ট বা দশমিক ৩৫ শতাংশ বেড়ে হয়েছে ২৪১৬ দশমিক ৩২ পয়েন্ট। ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ১৮ দশমিক ৮০ পয়েন্ট বা দশমিক ৭৬ শতাংশ কমে ২৪৩৪ দশমিক ২৩ পয়েন্ট হয়।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৭১ কোটি টাকার এক কোটি ৯৩ লাখ ৮৬ হাজার ১৬৮টি শেয়ার লেনদেন হয়। আগেরদিনের লেনদেনের পরিমাণ ছিল ৩৩৫ কোটি টাকা। ডিএসইতে ৯১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত ছিল ১২টির দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩০ কোটি ৮ লাখ ৬৬ হাজার টাকার ৩৩ লাখ ২৫ হাজার ৩৫৫টি শেয়ার লেনদেন হয়। সোমবার ৪৫ কোটি ২১ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। এই বাজারে ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৮০টির দাম কমেছে এবং দুটি প্রতিষ্ঠানের দাম অপরিবর্তিত ছিল।
সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৩৭ দশমিক ৩২ পয়েন্ট বা দশমিক ৪২ শতাংশ কমে ৮৭৩১ দশমিক ১০ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ২৪ দশমিক ৯১ পয়েন্ট বা দশমিক ৪৩ শতাংশ কমে হয়েছে ৫৭০২ দশমিক ৫৬ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৫৩ দশমিক ৯৯ পয়েন্ট বা দশমিক ৬৮ শতাংশ কমে ৭৮৪৪ দশমিক ৮০ পয়েন্ট হয়।
মঙ্গলবার বাজারে প্রবেশ করেই ডিএসইতে লেনদেনের তালিকার শীর্ষে উঠে এসছে গ্রামীণ ওয়ান:স্কিম টু এর শেয়ার। প্রতিষ্ঠানটির শেয়ারের দাম দিনের শুরুতে ছিল ৩৬ টাকা ১০ পয়সা, দিনশেষে তা ৪৩ টাকায় দাঁড়ায়। তিতাস গ্যাসের শেয়ারের দাম দশমিক ৮৮ শতাংশ বেড়ে হয়েছে ৪২৮ টাকা। এসিআইয়ের শেয়ারের দাম দশমিক ৮৭ শতাংশ কমে ৫২০ টাকা ১০ পয়সা হয়। আইসিবি এএমসিএল দ্বিতীয় এনআরবি মিউচুয়াল ফান্ডের শেয়ারের দাম এক দশমিক ৬৬ শতাংশ বেড়ে ১৮২ টাকা ২৫ পয়সায় পৌঁছায়। ইসলামী ব্যাংকের শেয়ারের দাম এক দশমিক ৬৬ শতাংশ কমে ৭৪৫০ টাকা ২৫ পয়সা হয়।
সেরা দশে থাকা অন্যান্য প্রতিষ্ঠানের স্কয়ার ফার্মা, ডেসকো, প্রগতি ইন্সুরেন্স ও ইস্টার্ন ইন্সুরেন্সের শেয়ারের দাম বেড়েছে। তবে লঙ্কা বাংলা ফিন্যান্সের শেয়ারের দাম কমেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/এমএইচবি/২০১৭ ঘ.
bdnews24