ঢাকা, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুচরা বিনিয়োগকারীদের শেয়ার কেনা বাড়ায় সোমবারর পূঁজিবাজারে চাঙ্গাভাব অব্যহত ছিল। এদিন লেনদেন হওয়া ৬০ ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে।
লঙ্কা বাংলা সিকিউিরিটিজের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শেয়ারের দাম কমায় খুচরা বিনিয়োগকারীদের মধ্যে কেনার আগ্রহ বেড়েছে। লেনদেন বাড়ায় বাজারে সূচকও বেড়েছে। বিনিয়োগকারীরা আবার আস্থা ফিরে পাচ্ছেন বলে মনে হচ্ছে।
দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিজিইএন বা সাধারণ শেয়ার সূচক ২৯ দশমিক ৫৮ পয়েন্ট বা এক দশমিক ০৫ শতাংশ বেড়ে ২৮২০ দশমিক ৭৯ পয়েন্ট হয়। ডিএসআই বা সার্বিক শেয়ার সূচক ১৮ দশমিক ৫৯ পয়েন্ট বা দশমিক ৭৭ শতাংশ বেড়ে হয়েছে ২৪০৭ দশমিক ৭৫ পয়েন্ট। এছাড়া ডিএসই-২০ ব্লুচিপ শেয়ার সূচক ১১ দশমিক ৫০ পয়েন্ট বা দশমিক ৪৭ শতাংশ বেড়ে ২৪৫৩ দশমিক ০৩ পয়েন্ট হয়।
দিনশেষে ডিএসইতে ৩৩৫ কোটি টাকার এক কোটি ৭৭ লাখ ১৯ হাজার ১৫৯টি শেয়ার লেনদেন হয়। এ বাজারে ১৪১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত ছিল ১০টির দাম।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ৪৫ কোটি ২১ লাখ ৩০ হাজার টাকার ৩৮ লাখ ৬৩ হাজার ৮১৮টি শেয়ার লেনদেন হয়। এ বাজারে ৮৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, ৪৭টির দাম কমেছে এবং তিনটির দাম অপরিবর্তিত ছিল।
সিএসই'র সিএএসপিআই বা সার্বিক শেয়ার সূচক ৯২ দশমিক ০৯ পয়েন্ট বা এক দশমিক ০৬ শতাংশ বেড়ে ৮৭৬৮ দশমিক ৪২ পয়েন্ট হয়। সিএসসিক্স বা নির্দিষ্ট শ্রেণীর শেয়ার সূচক ৫৯ দশমিক ৯১ পয়েন্ট বা এক দশমিক ০৫ শতাংশ বেড়ে হয়েছে ৫৭২৭ দশমিক ৪৭ পয়েন্ট। এছাড়া সিএসই-৩০ ব্লুচিপ শেয়ার সূচক ৬ দশমিক ৬৯ পয়েন্ট বা দশমিক ০৮ শতাংশ বেড়ে ৭৮৯৮ দশমিক ৭৯ পয়েন্ট হয়।
ডিএসইতে লেনদেনের তালিকার শীর্ষে থাকা তিতাস গ্যাসের শেয়ারের দাম ৩ দশমিক ০৩ শতাংশ বেড়ে হয়েছে ৪২৪ টাকা ২৫ পয়সা।
এসিআইয়ের শেয়ারের দাম ৩ দশমিক ৫৭ শতাংশ বেড়ে ৫২৪ টাকা ৭০ পয়সা হয়েছে।
বেক্সিমকো ফার্মার শেয়ারের দাম ৩ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ১১৩ টাকা ৪০ পয়সায় পৌঁছেছে।
ইসলামী ব্যাংকের শেয়ারের দাম ২ দশমিক ৮০ শতাংশ কমে ৭৫৭৬ টাকা ৭৫ পয়সা হয়েছে।
লঙ্কা বাংলা ফিন্যান্সের শেয়ার ৩ দশমিক ২২ শতাংশ বেড়েছে, হয়েছে ২২৪ টাকা ২০ পয়সা।
সেরা দশে থাকা অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে ডেল্টা বাংলা হাউজিং, ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, আইসিবি এএমসিএল দ্বিতীয় এনআরবি মিউচুয়াল ফান্ড, বেক্সিমকো ও স্কয়ার ফার্মার শেয়ারের দাম বেড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/টিএইচ/জেকে/২২৩৭ ঘ.
bdnews24