২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক কারখানা লে অফ: গাজীপুরে আবারও পুলিশ-শ্রমিক সংঘর্ষ

গাজীপুরের কোনাবাড়ি জরুন এলাকার একটি পোশাক কারখানা লে অফ করার জের ধরে সোমবার সকালে আবারও পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2008, 03:22 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

গাজীপুর, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের কোনাবাড়ি জরুন এলাকার একটি পোশাক কারখানা লে অফ করার জের ধরে সোমবার সকালে আবারও পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অন্তত ৬০ রাউন্ড ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে। এ সময় ১০ শ্রমিক আহত হন। তবে আহত শ্রমিকদের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, শনিবারের ভাংচুরের ও সংঘর্ষের জের ধরে কর্তৃপক্ষ জরুন এলাকার স্ট্যান্ডার্ড গার্মেন্টস লে অফ ঘোষণা করে। সোমবার সকাল ৮টার দিকে কারখানার কয়েক হাজার শ্রমিক কাজে যোগ দিতে এসে দেখে প্রধান ফটক বন্ধ। ভেতরে বিপুল সংখ্যাক আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন। ফটকে লে অফের নোটিশ ঝুলানো। পুলিশ শ্রমিকদের কারখানার গেইটে ভিড় না করতে তৎপরতা চালায়। এ নিয়ে পুলিশের সঙ্গে প্রথমে বচসা ধাক্কাধাক্কি ও পরে পাল্টাপাল্টি ইটপাটকেল ছোড়া শুরু হয়। পুলিশের ধাওয়া খেয়ে শ্রমিকরা বিভিন্ন অলি গলিতে ঢুকে পড়ে। সেখান থেকে তারা পুলিশের ওপর হামলা চালায়। আইন শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এর জবাব দেন। টিকতে না পেরে শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে অন্যান্য কারখানায় হামলার চেষ্টা চালায়। পুলিশ সেখান থেকে শ্রমিকদের পিছু হটতে বাধ্য করে। ফলে সকাল ৯টার পরে পরিস্থিতি স্বাভাবিক হতে থাকে। গোলযোগের আশংকায় স্ট্যান্ডার্ড গার্মেন্টসের আশপাশের অন্য আরও ৬টি কারখানা ছুটি দিয়ে দেয় কর্তৃপক্ষ। এগুলো হলো- ওয়াইকে, বেস্ট ওল, তিতাস, আসিফ, স্বাধীন গ্র"প ও মেডিটেক্স-২। কোনাবাড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক রফিকুল ইসলাম স্ট্যান্ডার্ড গার্মেন্টস লে-অফ এবং বাকি ছয়টি কারখানায় ছুটি ঘোষণার খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কোনাবাড়িসহ আশপাশের পোশাক কারখানার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। একমাস আগে ২০ ভাগ বেতন বৃদ্ধির দাবিতে স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকরা কারখানায় ভাংচুর চালালে অনেক শ্রমিকের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মামলা হয়। শ্রমিকরা এ মামলা প্রত্যাহারসহ অন্যান্য দাবিতে শনিবার আবার ব্যাপক ভাংচুর করে। এ নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে উভয় পক্ষের ৫০ জন আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১৩ ঘ.