২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে ১০০ কোটি ডলারের পণ্য রপ্তানি সম্ভব: বাণিজ্য উপদেষ্টা

সরকারি ও বেসরকারি পর্যায়ে যথাযথ উদ্যোগ নেয়া হলে তুরস্কে বাংলাদেশের রপ্তানি আয় কয়েক বছরের মধ্যে ১ বিলিয়ন ডলার (প্রায় ৭ হাজার কোটি টাকা) ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2008, 03:15 PM

Updated : 26 Aug 2022, 02:19 PM

ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি ও বেসরকারি পর্যায়ে যথাযথ উদ্যোগ নেয়া হলে তুরস্কে বাংলাদেশের রপ্তানি আয় কয়েক বছরের মধ্যে ১ বিলিয়ন ডলার (প্রায় ৭ হাজার কোটি টাকা) ছাড়িয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। তিনি জানিয়েছেন, তুরস্ক-বাংলাদেশ সরাসরি উড়োজাহাজ চলাচল শুরুর ব্যাপারে উদ্যোগ নেয়া হয়েছে। তুরস্ক সফর শেষে দেশে ফিরে সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, "তুরস্কে বাংলাদেশী পণ্যের যথেষ্ট চাহিদা রয়েছে। ২০০৭ সালে তুরস্কে ১২ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছিল বাংলাদেশ। ২০০৮ সালের আগস্টে এই পরিমাণ ৩৫ কেটি ডলার ছাড়িয়ে গেছে। সরকারি ও সেরকারি পর্যায়ে উদ্যোগ নিলে আগামী কয়েক বছরের মধ্যে তুরস্ক থেকে রপ্তানি আয় ১০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে আশা করা যায়।" হোসেন জিল্লুর বলেন, "গত ২১ থেকে ২৯ আগস্ট তুরস্ক সফরে সেদেশের সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে আমি দেখেছি, বাংলাদেশের মানুষের প্রতি তাদের বিশেষ সহানুভূতি রয়েছে। আমাদের পণ্যের প্রতিও তাদের দুর্বলতা রয়েছে।" বাংলাদেশের রপ্তানিপণ্যের তালিকায় নতুন পণ্য যোগ করার পাশাপাশি নতুন বাজার অনুসন্ধানের ওপর গুরুত্ব দেন তিনি। উপদেষ্টা বলেন, "তুরস্কে আমরা মূলত পোশাক রপ্তানি করে থাকি। কিন্তু সেখানে আমাদের ওষুধ, রাবারসহ অন্যান্য পণ্যেরও যথেষ্ট চাহিদা রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে পারলে তুরস্কে আমাদের রপ্তানি উত্তরোত্তর বৃদ্ধি পাবে।" তিনি জানান, আগামী অক্টোবরে তুরস্কের একটা ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশে আসবে। এছাড়া ২০০৯ সালের এপ্রিল থেকে দু দেশের মধ্যে সরাসরি বিমান যোগোযোগ চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। অন্যান্যের মধ্যে বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ, বাণিজ্য উপদেষ্টার সফরসঙ্গী রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান সাহাব উল্লাহ, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (রপ্তানি) মোস্তফা মহিউদ্দিন ও উপদেষ্টার সহকারী একান্ত সচিব হাসান খালেদ ফয়সল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/জেকে/এমএইচবি/২১১১ ঘ.