ঢাকা, সেপ্টেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর প্রদানে জনগণকে উৎসাহিত করার জন্য প্রতিবছর ১৫ সেপ্টেম্বর জাতীয় আয়কর দিবস পালন করা হবে। এ দিন জেলা ও জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ও নিয়মিত করদাতাকে পুরস্কৃত করবে সরকার।
রোববার প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সরকারি এক তথ্য বিবরণীতে বলা হয়, জনগণকে কর দিতে উৎসাহিত করতে গণসচেতনতা সৃষ্টির জন্য প্রতিবছর ১৫ সেপ্টেম্বর জাতীয় আয়কর দিবস পালন করা হবে। এতে বলা হয়, করদাতাদের কর দেওয়ার পদ্ধতি ও অধিকার সম্পর্কে জানানোর মাধ্যমে একটি করদাতা-বান্ধব পরিবেশ সৃষ্টি করাই এ দিবসের লক্ষ্য।
এছাড়া উপদেষ্টা পরিষদ কেপটাউন কনভেনশন ও সংশ্লিষ্ট এয়ারক্র্যাফট প্রটোকল র্যাটিফিকেশনের প্রস্তাব অনুমোদন করেছে। এ কনভেনশনে উড়োজাহাজ বিক্রেতা, ইজারাদাতা, অর্থলগ্নীকারী প্রতিষ্ঠান, ক্রেতা ও ইজারা গ্রহীতা সবার স্বার্থ সংরক্ষণ করা হয়েছে বলে তথ্য বিবরণীতে বলা হয়েছে। এ কনভেনশন র্যাটিফিকেশনের ফলে সহজ শর্তে ও স্বল্প ব্যয়ে উড়োজাহাজ সংগ্রহ করার সুযোগ সৃষ্টি হবে বলেও তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।
বৈঠক রাজস্ব ফাঁকি রোধ ও দ্বৈতকরারোপ নিরসনের লক্ষ্যে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুসমর্থন প্রস্তাবও অনুমোদন করেছে। চুক্তিটি অনুমোদনের ফলে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
উপদেষ্টা পরিষদ চার্টার্ড সেক্রেটারিজ (সংশোধন) অধ্যাদেশ, ২০০৮ এর খসড়া নিয়ে বিস্তারিত আলোচনা করে এবং আরো পরীক্ষা করে আবার উপস্থাপন করতে বলেছে।
উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীরা বৈঠকে অংশ নেন। মন্ত্রিপরিষদ সচিব ও সংশ্লিষ্ট সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএআর/এসকে/১৪৩৭ঘ.
bdnews24