ঢাকা, আগস্ট ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৯ সালের পর আর কোন বেসরকারি কোম্পানিকে দিয়ে পিএসআই (প্রাক জাহাজীকরণ পরিদর্শন) কাজ করাবে না সরকার। এ সময়ের মধ্যে শুল্ক বিভাগে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে সরকার নিজেই এ কাজ করবে।
বৃহস্পতিবার সকালে পরিকল্পনা মন্ত্রণালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।
অর্থ উপদেষ্টা জানান, দেশে বর্তমানে কাজ করা পিএসআই কোম্পানিগুলোর বিরুদ্ধে নানা ধরনের অনিয়মের অভিযোগ আসায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। ২০০৯ সালের ডিসেম্বরের পর থেকে তাদের আর কোন কাজ করতে দেওয়া হবে না।
আমদানি কার্যক্রম সহজ ও দ্রুত করতে ২০০০ সাল থেকে দেশে পিএসআই পদ্ধতি চালু হয়। ২০০৫ সালের আগস্টে পাঁচটি ব্লকের জন্য পাঁচটি কোম্পানি তিন বছরের জন্য চুক্তিবদ্ধ হয়। অনিয়মের অভিযোগ ওঠায় সরকার কোটেকনা ইন্সপেকশন এসএ'র কার্যাদেশ বাতিল করে। বর্তমানে কাজ করছে- এসজিএস (বাংলাদেশ) লিমিটেড, ব্যুরো ভেরিটাস বিআইভিএসি (বাংলাদেশ) লিমিটেড, ইন্টারটেক টেস্টিং লিমিটেড এবং ওএম ইন্সপেকশন কোম্পানি। এদের মেয়াদ শেষ হবে ৩১ আগস্ট।
সরকার নতুন করে দরপত্র আহ্বানের মাধ্যমে ওই কোম্পানি চারটির মেয়াদ আরো এক বছর চার মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ ২০০৯ সালের ডিসেম্বর পর্যন্ত তারা কাজ করতে পারবে।
দুর্নীতির অভিযোগ পাওয়ার পরও পিএসআই কোম্পানিগুলোর মেয়াদ বাড়ানো হল কেন এ প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, "কারো বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোন অভিযোগ প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি বলেন, "বর্তমানে আমাদের কাস্টমস বিভাগের পিএসআই কার্যক্রম পরিচালনা করার ক্ষমতা নেই। এবার আমরা অল্প সময়ের জন্য চুক্তি নবায়ন করেছি। ২০০৯ সালের ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ, স্ক্যানার মেশিনসহ প্রয়োজনীয় অন্যান্য যন্ত্রপাতি সংগ্রহ করে নিজেরাই সক্ষমতা অর্জন করতে পারবো বলে আশা করি।"
নতুন করে নিয়োগ পাওয়া চারটি কোম্পানি পাঁচটি ব্লকে কাজ করবে। এর মধ্যে এসজিএস দুটি এবং অন্যরা একটি করে ব্লকে কাজ করবে। এ কাজের জন্য চার কোম্পানি সরকারের কাছ থেকে ৩৭৫ কোটি টাকা পাবে।
নিয়ম অনুযায়ী আমদানিকারকদের কাছ থেকে পিএসআই কোম্পানিগুলো ১ শতাংশ হারে চার্জ আদায় করবে যা সরকারের কোষাগারে জমা হবে। আর এ অর্থ থেকে ৩৭৫ কোটি টাকা চার পিএসআই কোম্পানিকে দেওয়া হবে। বাকি টাকা সরকারের কাছে থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমএআর/এসকে/১৬৪৪ঘ.
bdnews24